যোগাযোগমন্ত্রীর ‘সততা প্রশ্নবিদ্ধ’ মনে করে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সড়ক ও রেল যোগাযোগের দায়িত্ব এমন এক মন্ত্রীর কাঁধে রয়েছে, যাঁর ‘সততা প্রশ্নবিদ্ধ’। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সম্পর্কে এমন মূল্যায়ন ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকস গত ৩০ আগস্ট এমন তথ্যই প্রকাশ করেছে।২০১০ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক গোপন তারবার্তায় রাষ্ট্রদূত মরিয়ার্টি লিখেছিলেন, ‘চীনের সঙ্গে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’ যোগাযোগমন্ত্রীকে ঘিরে দুর্নীতির অনেক অভিযোগও রয়েছে বলে সেই তারবার্তায় উল্লেখ করেন তিনি। এ ছাড়া মরিয়ার্টি লেখেন, ‘বাংলাদেশ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী যে পদ্ধতিতে কাজ করেন তাতে অনেক সমস্যা রয়েছে।’সেই তারবার্তার তথ্যানুযায়ী গত বছরের ৩ ফেব্রুয়ারি মরিয়ার্টি যোগাযোগমন্ত্রীর দেওয়া এক ভোজসভায় অংশ নিয়েছিলেন। সেখানে আবুল হোসেনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবিত যোগাযোগ অবকাঠামোর বিষয়ে তাঁর কথা হয়। পদ্মা সেতু নির্মাণের ঋণ দেওয়ার ক্ষেত্রে জাপানিজ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিজ (জাইকা) শর্ত নিয়ে মরিয়ার্টির কাছে আপত্তিও তোলেন মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। জাইকা যেন ওই শর্ত তুলে নেয়, সে ব্যাপারে জোরালো তদবির করতেও মরিয়ার্টিকে অনুরোধ করেন যোগাযোগমন্ত্রী।যোগাযোগমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে আরও জানান, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও ময়মনসিংহের সড়ক ও রেল যোগাযোগের উন্নতির ওপরই আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যত্ নির্ভর করছে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশের যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে বলে মরিয়ার্টিকে জানান আবুল হোসেন। ঢাকা শহরের যানজট নিরসনে প্রস্তাবিত উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) প্রকল্পে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও কামনা করেন যোগাযোগমন্ত্রী।সেই ভোজসভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ খাতের বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প নিয়ে কথা বলেন। তিনি পদ্মা সেতু নির্মাণে কোন সাহায্য সংস্থা বাংলাদেশ সরকারকে কত ঋণ দিতে সম্মত হয়েছে তাও মার্কিন রাষ্ট্রদূতকে জানান। আবুল হোসেন মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পদ্মা সেতুর জন্য ঋণ দিতে রাজি হলেও জাপান উন্নয়ন সহযোগী সংস্থা (জাইকা) চুক্তিটিকে দুটি ভাগে ভাগ করে (স্ট্রাকচার ও সাব-স্ট্রাকচার) দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে শর্ত দিয়েছে। তিনি আরও বলেন, জাইকা চায় সেতুর সাব-স্ট্রাকচার অংশের কাজ করতে।প্রকল্পের অন্য উন্নয়ন সহযোগীরা জাইকার এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বলে মন্তব্য করেন আবুল হোসেন। তিনি বলেন, জাইকার কথা অনুযায়ী চললে ভবিষ্যতে যেকোনো সমস্যায় ঠিকাদারেরা একে অন্যের কাঁধে দোষ চাপানোর সুযোগ পাবে বলে মরিয়ার্টিকে নিজের অভিমত জানান আবুল হোসেন।যোগাযোগমন্ত্রী মরিয়ার্টিকে অনুরোধ করেন, তিনি যেন তাঁর প্রভাব ব্যবহার করে জাইকার মত পরিবর্তনে সহায়তা করেন।পদ্মা সেতুর প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত যোগাযোগমন্ত্রীকে বলেন, অনেক প্রতিষ্ঠানই এ বিশাল প্রকল্পের কাজ পেতে আগ্রহী হবে। এর উত্তরে আবুল হোসেন মরিয়ার্টিকে জানান, এরই মধ্যে ১৩টি প্রতিষ্ঠান এই সেতুর কাজ পেতে আগ্রহী। রাষ্ট্রদূত মন্ত্রীকে একটি মার্কিন প্রতিষ্ঠানের কথা বলেন, যারা নদী খননের কাজ করতে পারে।ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণের প্রকল্প নিয়েও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী। তিনি মরিয়ার্টিকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের প্রায় ২০ কোটি ডলারের কাজ ১০টি দরপত্রে সাতটি বিদেশি ও তিনটি স্থানীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন তারবার্তায় জানা গেছে, এই ১০টি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই চীনের।ঢাকার যানজট নিরসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান যোগাযোগমন্ত্রী। মন্ত্রী মরিয়ার্টিকে বলেন, ‘আমরা ঢাকায় এমন একটি প্রকল্প চাই, যা হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি জ্বলন্ত প্রমাণ।’বাংলাদেশ রেলওয়েকে যোগাযোগমন্ত্রী করপোরেট প্রতিষ্ঠানে পরিণত করে চান বলে তারবার্তায় লিখেছেন মরিয়ার্টি। মন্ত্রী রেলওয়েকে বেসরকারীকরণ করে এর দক্ষতা ও কাজের মান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।মন্ত্রী মরিয়ার্টিকে আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইন অচিরেই ডাবল লাইন করা হবে। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল চালুর জন্য বর্তমান সরকার সংকল্পবদ্ধ বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানান যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, ‘এই মেট্রো রেলের কাজ শুরু করতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত।’ মরিয়ার্টিকে তিনি জানান জাইকা এই প্রকল্পে ৩০০ কোটি ডলার ঋণ দিতে আগ্রহী।মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো সেই তারবার্তাটির শেষে বলেছেন, আগামী নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী যোগাযোগব্যবস্থার উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি লিখেছেন, এতে বাংলাদেশের যোগাযোগ খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। মরিয়ার্টির মতে, এ বিষয়টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রচার করতে হবে এবং তারা যেন স্বচ্ছতার ভিত্তিতে এসব কাজ পেতে পারে সে ব্যাপারে ঢাকায় মার্কিন দূতাবাসকে উদ্যোগী হতে হবে। উইকিলিকসের এ-সংক্রান্ত তথ্য দেখতে ক্লিক করুন