যোগাযোগমন্ত্রীরা রুমে বসে থাকলে রাস্তার উন্নতি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগমন্ত্রীরা অফিসে এসি রুমে বসে থাকলে রাস্তাঘাটের কোনো উন্নতি হবে না। প্রাতিষ্ঠানিক সমর্থন নিয়ে কাজ করতে হলে মাঠে যেতে হবে। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সড়কটির সংস্কারকাজ ধীরগতিতে হচ্ছে হচ্ছে, এলাকাবাসীর এমন মন্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, ‘অনেক সময় মন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হয় না। মন্ত্রী এলে কাজের তত্পরতা বাড়ে, আর চলে গেলে কমে। আমি এই ধারণাটা বদলাতে চাই। আর গোড়াই-সখীপুর সড়কের কাজে যাতে গতি পায়, সে জন্য আমি এসেছি।’ পদ্মা সেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ মাসের মধ্যে বিশ্বব্যাংক যদি পদ্মা সেতুতে অর্থায়ন না করে, তবে বিকল্প ব্যবস্থায় পদ্মা সেতু করা হবে।’ এ সময় কৌশলগত কারণে বিকল্প পন্থার কথা বলা যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে কীভাবে বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হবে, সে সুখবর জাতিকে দিতে পারব। তা ছাড়া সরকারের বাকি মেয়াদের মধ্যে পদ্মা সেতু নির্মাণ করা যাবে না।’ তবে এর নির্মাণকাজ শুরু করতে পারবেন বলে তিনি জানান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করা প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, বর্তমানে বর্ষা মৌসুমের আগে মহাসড়কের গর্ত ভরাট, ফাটল মেরামত এবং রাস্তাগুলো যানবাহন চলাচলের উপযোগী করা হবে। চার লেনের পরিকল্পনা প্রক্রিয়াধীন থাকবে। নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর এসে এক ঘণ্টা অপেক্ষমাণ থাকা একটি কমিউটার ট্রেন টাঙ্গাইল পর্যন্ত চালুর ব্যবস্থা করবেন বলেও তিনি মন্তব্য করেন। সংসদ থেকে বিরোধী দলের পদত্যাগের বিষয়ে ওবায়দুল বলেন, ‘পদত্যাগ কোনো সমাধান নয়। আমরা ’৯৫ সালে সংসদ থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু সরকারের পতন হয়নি। নির্বাচন নিয়ে বিরোধী দলের কোনো কথা থাকলে সংসদে যোগ দিয়ে তা তুলে ধরা উচিত। ’৯০-এর আন্দোলনের পর বিএনপি ও আওয়ামী লীগ দুবার করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থাকা অবস্থায় ইতিপূর্বের সরকারগুলো পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে। সরকার পতনের মতো গণ-আন্দোলন এ মুহূর্তে দেশে বিরাজমান নেই। তারা রাজপথের আন্দোলন দিয়ে সরকারের পতন ঘটাতে পারবে, সে রকম পরিস্থিতিও নেই।’ এর আগে যোগাযোগমন্ত্রী সখীপুরের একটি স্কুল ও সখীপুর আবাসিক মহিলা কলেজে যান। মন্ত্রীর আগমন উপলক্ষে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমি সমর্থন করি না।’ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো মন্ত্রী এলে তিনি ক্লাসে গিয়ে দেখা করবেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুর রহমান, ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী শওকত আলী, মির্জাপুর উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশিদ ও সদর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।