যোগাযোগসচিবসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ভবনের ভূমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়া-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে যোগাযোগসচিবসহ তিন কর্মকর্তাকে ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে বিবাদীদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। যোগাযোগসচিব এম এ এন সিদ্দিকী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আমানুর রহমান লস্কর ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. ফরিদুল আলমকে ওই দিন আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।আদালত সূত্র জানায়, সুপ্রিম কোর্টের সম্পত্তি রক্ষার নির্দেশনা চেয়ে দুই আইনজীবীর করা এক রিট আবেদনে গত বছরের ১০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন। রায়ে আদালত সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা জমিকে সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করেন। একই সঙ্গে ওই সম্পত্তি সুপ্রিম কোর্টের নামে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ওই রায়ের বিরুদ্ধে দুটি প্রতিষ্ঠান আপিল বিভাগে আবেদন করলে গত বছরের ২৮ জুলাই তা খারিজ হয়। গত বছরের ২৪ অক্টোবর ১৫ দিনের মধ্যে ওই জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং শিশু একাডেমিকে নোটিশ দেন রিট আবেদনকারী পক্ষ। এরপর আদালতের রায় বাস্তবায়ন না করার অভিযোগে গতকাল আদালত অবমাননার আবেদনটি করেন রিট আবেদনকারী এক আইনজীবী।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আইনি নোটিশ দেওয়ার পর কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। হাইকোর্টের রায়ের ১১ মাস পরও সুপ্রিম কোর্টের সম্পত্তি সড়ক ভবন সুপ্রিম কোর্টকে বুঝিয়ে না দেওয়ায় আদালত অবমাননার আবেদনটি করা হয়। জায়গার অভাবে সুপ্রিম কোর্টের কর্মচারীদের স্থান সংকুলান হচ্ছে না, রেকর্ড সংরক্ষণ করা যাচ্ছে না এবং মামলা জট নিরসনে আরও বিচারপতি নিয়োগ দেওয়া যাচ্ছে না। সুপ্রিম কোর্টের জায়গার প্রয়োজনীয়তার এসব দিক বিবেচনা করে রিট আবেদনটি করা হয়।