প্রবীণ সাংসদ তোফায়েল আহমেদের বক্তব্যের ব্যাপারে যোগাযোগসচিব প্রধানমন্ত্রীর কাছে যে ভাষায় চিঠি দিয়েছেন, তাতে সংসদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। গতকাল সোমবার সংসদে এ কথা বলেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।সাংসদ মেনন বলেন, যোগাযোগসচিব শুধু চিঠি দিয়েই ক্ষান্ত হননি, তা পত্রিকায় প্রকাশেরও ব্যবস্থা করেছেন। এই চিঠিটা যে ভাষায় লেখা, তাতে জাতীয় সংসদ ও সাংসদদের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে। সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তোফায়েল আহমেদ নাকি যোগাযোগমন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হয়ে সংসদে এসব কথা বলেছেন। তিনি বলেন, তোফায়েল আহমেদ একজন জাতীয় নেতা, জ্যেষ্ঠ সাংসদ। তাঁর সম্পর্কে একজন সচিবের এমন মন্তব্য স্পিকার, সংসদ এবং সকল সাংসদের অবমাননার শামিল। যোগাযোগমন্ত্রী সচিবের মাধ্যমে এ ধরনের অবমাননাকর চিঠি পাঠিয়ে সংসদকে অবমাননা করেছেন। এ ব্যাপারে সংসদকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ছাড় দিলে জাতীয় সংসদ ঠুঁটো জগন্নাথ হয়ে যাবে।’মেনন বলেন, এ চিঠি যোগাযোগসচিবের হতে পারে না। যোগাযোগমন্ত্রীর অনুমতি নিয়েই তিনি তা করেছেন। যোগাযোগমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সবার নামের অর্থ বলতে গিয়ে অনেক সময় সীমাও ছাড়িয়ে যান। তার পরও হাস্যরস বজায় রাখার জন্য আমরা মেনে নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ওই দিনের ঘটনায় একটি পত্রিকায় প্রকাশিত কার্টুন প্রকাশ নিয়ে যোগাযোগমন্ত্রীর তীব্র বিষোদ্গারের কথা উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগমন্ত্রী সংবাদপত্রের তীব্র সমালোচনা করেছেন। এটা সংবাদপত্রেরও স্বাধীনতার বিরোধী।রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন সংসদে প্রদর্শন করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, মন্ত্রীর কার্টুন ছাপার বিষয়কে যোগাযোগ সচিব বিকৃত ও অনৈতিক আখ্যা দিয়েছেন। এটা সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী। পত্রিকায় কার্টুন ছাপা হলে ওনার এত গোস্বা কেন?এ সময় সরকারি দলের সাংসদেরা টেবিল চাপড়ে মেননের বক্তব্যকে সমর্থন জানান।