যোগ্য জেলা প্রশাসক নিয়োগের পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে যোগ্য জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের লক্ষ্যে ২৭০ জন কর্মকর্তার পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বেলা আড়াইটা থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ৫৪ জন কর্মকর্তাকে ডাকা হয়। পাঁচ দিন ধরে এ পরীক্ষা চলবে। প্রশাসনের তিনটি ব্যাচের কর্মকর্তাদের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে পরীক্ষার জন্য। এরই মধ্যে এসব কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি বা বিভাগীয় কোনো অভিযোগ আছে কি না তাও যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।জানা গেছে, ১৯৮৪ সালে চাকরিতে যোগ দেওয়া ২২ জন, ১৯৮৫ সালের ১৪৮ জন এবং ১৯৮৬ সালের ১০০ জন কর্মকর্তাকে যোগ্য জেলা প্রশাসক বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে জেলা প্রশাসক পদে একবারই রদবদল করা হয়েছে। এরই মধ্যে ১৮ জন জেলা প্রশাসক (উপসচিব) যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের দুজনকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাকি ১৬ জনকেও প্রত্যাহারের প্রয়োজন রয়েছে। তা ছাড়া কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের অসুবিধা বা প্রশাসনিক কারণে কয়েকজনকে রদবদল বা প্রত্যাহার করা হবে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়।পরীক্ষা শেষে জেলা প্রশাসক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রসঙ্গত, জেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা জেলা প্রশাসক। তাই এ নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশাসনের সব মহলে নানা আগ্রহ আছে।