সঠিক ও যোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতার ৩৮ বছর পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতন্ত্রের নিরবচ্ছিন্ন চর্চা। কিন্তু আমাদের দেশে এই ধারা বারবার ব্যাহত হয়েছে। আর এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগ্য নেতৃত্ব সৃষ্টির সুযোগ। তবে সব দলের সহযোগিতা, আন্তরিক চেষ্টা ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে ভবিষ্যতের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।আজ শনিবার রাতে রাজধানীর লালবাগে আয়োজিত বিবিসির বিশেষ সংলাপে বক্তারা এসব কথা বলেন।আজকের সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ব্যবসায়ী হোসেইন খালেদ ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও আলোচকদের অধিকাংশই বর্তমান ছাত্ররাজনীতি সমাজকে ও দেশকে যোগ্য নেতৃত্ব উপহার দিতে পারছে না বলে মন্তব্য করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, ‘আমাদের দেশের ছাত্ররাজনীতির একটি ঐতিহ্য আছে। ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের সব আন্দোলন-সংগ্রামের সাফল্য এসেছে ছাত্ররাজনীতির হাত ধরে।’ তিনি মনে করেন, গণতান্ত্রিক ধারা বজায় না থাকায় ছাত্ররাজনীতি কলুষিত হয়েছে। দেশ গড়ার লক্ষ্য ও দায়িত্ব নিয়ে ছাত্রদেরদের গড়ে তুলতে হবে। তবেই ছাত্ররাজনীতির মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবজি, টেন্ডারবাজি বন্ধ হবে। দলীয় সংকীর্ণতা পরিহার করে সব রাজনৈতিক দলকেই এ ব্যাপারে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।আমীর খসরু মাহমুদ চৌধুরী তরুণ সম্প্রদায়ের মধ্যে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য ‘সবার জন্য সমান সুযোগ’ সৃষ্টির দাবি জানান। তিনি মনে করেন, এর ফলে যাদের সম্ভাবনা আছে, তারা নেতৃত্ব পর্যায়ে পৌঁছাবে। তরুণদের সামনে নৈতিকতা, দেশপ্রেম ও দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের দৃষ্টান্ত স্থাপনের কাজটি বর্তমান রাজনীতিবিদদেরই করতে হবে বলে তিনি উল্লেখ করেন।হোসেইন খালেদ বলেন, খারাপ কিছু মানুষের জন্য ছাত্ররাজনীতি কলুষিত হয়েছে। আর এ কারণেই ভালো মানুষ রাজনীতিতে জড়াতে চান না। ছাত্ররাজনীতি ও রাজনীতির প্রচলিত এই নেতিবাচক ধারা পরিবর্তনের জন্য রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে সচেতন হতে হবে ভোটার ও সাধারণ মানুষকে। ভালোকে সমর্থন আর মন্দকে পরিহারের মাধ্যমে সাধারণই মানুষই পারে এ ক্ষেত্রে গুণগত পরিবর্তনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।নেতা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণকে মূল্যায়ন করা হয় না উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, তাদের মতামত মূল্যায়ন করা হলে দেশে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হতো। আর সঠিক নেতৃত্বের মাধ্যমেই দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।