যোগ্যতা আছে, দৃষ্টি নেই তাই চাকরি নেই!
নারীমঞ্চের পাঠকেরা ২০০৫ সালের ৪ মে ‘নাজিয়ার সাদাকালো স্বপ্নগুলো’র সঙ্গে পরিচিত হয়েছিল। নাজিয়ার নিরন্তর সংগ্রামী জীবনের অল্প কিছু কথা সেদিন উঠে এসেছিল নারী পাতার সেই ফিচারে। আজকের পাঠকদের আরও একবার তাঁর সাদাকালো স্বপ্নগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। নাজিয়া কেবলই দেখেন, খুব সাদামাটাভাবে বেঁচে থাকার স্বপ্ন। মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারা তাঁর জন্য স্বপ্নই বটে! নাজিয়ার স্বপ্নে কোনো রং নেই। তাই খুব সাধারণভাবে বেঁচে থাকার চাহিদাকে সেদিন ‘সাদাকালো স্বপ্ন’ হিসেবেই নাম দেওয়া হয়েছিল। নাজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য সমাপ্ত এমএসএসের শিক্ষার্থী। তাঁর চোখে আলো নেই, মনের আলোর জোরেই বহু চড়াই-উতরাই পেরিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পথটা পার করেছেন। এসএসসি, এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস (সম্মান) এবং এমএসএস—এই চারটি সার্টিফিকেট এখন তাঁর দখলে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি নিয়েও একটি অন্তহীন অপেক্ষার দ্বারে কড়া নাড়ছেন নাজিয়া। অপেক্ষা একটি নিরাপদ বাসস্থানের। অপেক্ষা তাঁর অসুস্থ মায়ের চিকিৎসা-ব্যয় বহন করার। সব মিলিয়ে মাস শেষে একটা আর্থিক নিশ্চয়তার অপেক্ষা। হ্যাঁ নাজিয়া এখন চাকরির অপেক্ষায়। লেখাপড়া-জীবনের ইতি ঘটিয়ে কর্মখালির সন্ধানেই এখন কাটে তাঁর দিন-রাত। দুই বছর বয়সে টাইফয়েডের কারণে চোখের আলো হারান নাজিয়া। দিনের আলো আর রাতের আঁধার ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারে না ওঁর চোখ দুটি। চিকিৎসক বলেছেন, অপারেশন করলে ভালো হওয়ার আশা ক্ষীণ। তাই আঁধারের সঙ্গেই বসবাস নাজিয়ার। চোখের আঁধারের সঙ্গে এখন যুক্ত হয়েছে নতুন মানসিক চাপ। ছাত্রাবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া বাবদ যে বৃত্তি আসত, তা অচিরেই বন্ধ হয়ে যাবে। ছাত্রত্ব শেষ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নিরাপদ আবাসনটাও ওঁকে ছেড়ে দিতে হয়েছে। এখন তাঁর সামনে কেবলই অনিশ্চয়তার দোলাচল।নাজিয়া তাঁর মামির সহযোগিতায় শিক্ষার জগতে পা রেখেছিলেন। স্বপ্ন ছিল, দুই চোখে যে অন্তহীন আঁধার তা হয়তো দূর করতে পারবে শিক্ষার আলো। লেখাপড়ার খরচ জোগানোর সামর্থ্য ছিল না ওঁর পরিবারের, তার পরও নাজিয়া থেমে থাকেননি। লেখাপড়াটাকে চালিয়ে নিয়েছেন সব বাধা উপেক্ষা করেই। চলার পথে আশপাশের মানুষের সহযোগিতা আর অসহযোগিতার পাল্লা ছিল প্রায় সমান সমান। আর বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, প্রতিটি স্তরেই ওঁর জীবন ধারণ এবং লেখাপড়ার ব্যয় সংস্থান করতে বড় ভূমিকা রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বৃত্তি।নাজিয়া যেহেতু দেখতে পান না, তাই তাঁর পড়ালেখার ধরনটা ছিল ভিন্ন। যেকোনো বিষয় সহপাঠীদের সহায়তায় রেকর্ড করে নিতেন নাজিয়া। তারপর তা শুনে শুনে ব্রেইল পদ্ধতিতে লিখতেন। সেই লেখা পড়েই বিষয়টি আত্মস্থ করতেন। এরপর পরীক্ষার খাতায় লেখার জন্য ওঁকে একজন শ্রুতিলেখক নিতে হতো। শ্রুতিলেখক অবশ্যই তাঁর চেয়ে নিচের কোনো ক্লাসের হতো। পরীক্ষার হলে শ্রুতিলেখকের কাছ থেকে প্রশ্ন শুনে তার উত্তর দিতেন। শ্রুতিলেখক উত্তর খাতায় লিখে দিতেন। নাজিয়া এভাবেই পুরো লেখাপড়া শেষ করেছেন। মিরপুর গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে ২০০০ সালে প্রথম বিভাগ নিয়ে এসএসসি পাস করেন নাজিয়া। এরপর মোহাম্মদপুর মহিলা কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করেন ২০০২ সালে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কঠিন ভর্তি পরীক্ষার সিঁড়ি ভেঙে তিনি ২০০২-০৩ সেশনে ভর্তি হয়েছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সাফল্যের সোপান অব্যাহত রেখে তিনি ২০০৫-০৬ সেশনে সম্মান শ্রেণীতে দ্বিতীয় বিভাগ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন নাজিয়া। প্রাতিষ্ঠানিক শিক্ষায় কোনো তৃতীয় বিভাগ নেই। পুরো শিক্ষাজীবনে শিক্ষা-বিরতিও নেই। উপরন্তু টকিং সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার চালানো শিখেছেন নাজিয়া। সার্পভ বাংলাদেশের একটি ফটোগ্রাফি কোর্সে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। হেলথলিংক ওয়ার্ল্ড ওয়াইড এবং সার্পভ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সিয়িং ইন দ্য ডার্ক’ চিত্রপ্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল নাজিয়ার তোলা ছবি। হেলেন কেলার ইন্টারন্যাশনালের ‘স্পোকেন ইংলিশ কোর্স’ তিনি সফলতার সঙ্গে শেষ করেছেন। ইউসেপের একটি চামড়ার ব্যাগ তৈরির হাতের কাজের প্রশিক্ষণও নিয়েছেন। চাকরির বিজ্ঞাপনগুলোতে যা চাওয়া হয়, তার সব শর্ত পূরণ করেও একটা জুতসই চাকরি পাচ্ছেন না তিনি। নাজিয়ার একমাত্র অযোগ্যতা তাঁর চোখের আলো। প্রকৃতিপ্রদত্ত এই অযোগ্যতা তাঁর অর্জিত সব যোগ্যতার সামনেই ভারী হয়ে যাচ্ছে। তাই তাঁর সাংবাদিকতা বিভাগের বন্ধুরা যখন নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলছেন, নাজিয়া তখন কেবলই হতাশাগ্রস্ত। নাজিয়ার জিজ্ঞাসা ‘এত সংগ্রাম করে এতটা পথ এসে আমি হেরে যাব? জীবন চলার পথ খুঁজে পেতে আমি কি ব্যর্থ হব?’