হেফাজতে ইসলাম যেসব দাবি তুলেছে, তার মধ্যে যৌক্তিক দাবি একটাও আমার চোখে পড়েনি। আর নারীনীতি বাতিল করার মতো কিছু আছে, যা একেবারে অচল দাবি।ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শাস্তি হিসেবে তারা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি করে বলেছে, এটা ইসলামের বিধান। কিন্তু আমার মনে হয় না যে ইসলামে এমন কোনো বিধান আছে। তবে কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে সে জন্য শাস্তির বিধান থাকা উচিত। এই প্রবণতা রোধ করার জন্যই সেটা দরকার। দেশে প্রচলিত আইনে দুই থেকে ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। এ জন্য নতুন কোনো আইনের দরকার নেই।আমাদের দেশে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা কিছু সমস্যার সৃষ্টি করেছে। যেমন জিয়াউর রহমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছিলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাক্যটি। এরশাদ সাহেব ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন। এগুলো দেশের মানুষের কোনো দাবি ছিল না। রাষ্ট্র পরিচালনার সঙ্গেও এগুলোর কোনো সম্পর্ক নেই।কিন্তু একবার যখন করা হয়েছে, তখন এগুলো বাদ দেওয়া যে কারও জন্যই কঠিন হয়ে পড়ে। ধর্মীয় বিষয়গুলো এ রকমই। একবার শুরু করলে আর পিছিয়ে আসা যায় না। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ফল কখনো ভালো হয় না।এম হাফিজউদ্দিন খান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা