বর্তমান সরকার যৌক্তিক ব্যয়ে বৈধভাবে অভিবাসন নিশ্চিত করতে চায়। এমনটা দাবি করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের আগে কিছু বিভ্রান্তিমূলক প্রচারণা মন্ত্রণালয়ের চোখে পড়েছে। সরকারি প্রচেষ্টায় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টির সময় নিজেদের মধ্যে এ ধরনের বিভিন্ন বিতর্ক এবং ভুল বোঝাবুঝি শ্রমিক গ্রহণকারী দেশে ভুল বার্তা দিতে পারে। এর ফলে এ প্রচেষ্টা হতে পারে বাধাগ্রস্ত। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চায় সরকার।মন্ত্রণালয় জানিয়েছে, সরকার বিভিন্ন দেশে অভিবাসন খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। মালয়েশিয়ার ক্ষেত্রে সে দেশে যেতে বিমান ভাড়াসহ অভিবাসন খরচ সর্বোচ্চ ৮৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে এর চেয়ে তিন থেকে চার গুণ বেশি টাকা নেওয়া হয়েছে। এই প্র্রেক্ষাপটে অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য মন্ত্রণালয় থেকে গত দুই বছরে অনেকবার বায়রাকে (জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন) অনুরোধ করা হয়েছে। দীর্ঘ দুই বছর পর সম্প্রতি বায়রা এ-সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মতামত নেওয়া হচ্ছে। এরপর সেটি পর্যালোচনা করে অভিবাসন ব্যয় পুনর্নির্ধারণের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।সরকার জানিয়েছে, অতীতের অনিয়মের পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য বাংলাদেশ স্মার্টকার্ড, শ্রমিকদের নিবন্ধন, যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট-এমআরপি, প্রবাসীকল্যাণ ব্যাংক ইত্যাদি পদক্ষেপ মালয়েশিয়ার কাছে তুলে ধরেছে। এগুলো সরেজমিনে দেখতে মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করবে। সফরকালে বায়রার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়া পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়ার পর অবশ্যই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো প্রতিষ্ঠিত পদ্ধতিতে মালয়েশিয়ায় লোক পাঠাতে পারবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকারের একার পক্ষে বিপুলসংখ্যক লোক পাঠানো কখনোই সম্ভব হবে না। সরকার এখানে পরীক্ষামূলকভাবে মালয়েশিয়া সরকারের চাহিদামতো অভিবাসনের প্রক্রিয়া প্রতিষ্ঠিত করছে মাত্র। সরকার কর্তৃক ব্যবসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সাধারণ জনগণ যাতে যৌক্তিক ব্যয়ে বৈধভাবে অভিবাসন করতে পারে, সেটাই নিশ্চিত করার প্রচেষ্টা নিচ্ছে। বর্তমানে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এ পরীক্ষামূলক প্রক্রিয়া চলবে যাতে সুষ্ঠু ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নির্ধারণ করা যায়। সরকার এ ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থে, জনশক্তি রপ্তানির স্বার্থে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেছে।’