যৌতুক না পেয়ে দুই গৃহবধূ হত্যা!
নরসিংদীর মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও গ্রাম থেকে গতকাল বুধবার সকালে দীপা বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে পাবনার সদর উপজেলার চর সদিরাজপুর এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় শিরিন আক্তার (১৯) নামের আরেক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। দুই গৃহবধূর পরিবারেরই অভিযোগ, যৌতুক না পেয়ে তাঁদের হত্যা করা হয়েছে।দীপার পরিবার ও মনোহরদী থানা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাচড়া গ্রামের দীপার সঙ্গে সৈয়দেরগাঁও গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান আছে। বিয়ের পর থেকে দীপা নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। নির্যাতন সইতে না পেরে দীপা দুই বছর আগে বাবার বাড়ি চলে যান। দুই মাস আগে স্বামী গিয়ে বুঝিয়ে তাঁকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। ফের শুরু হয় নির্যাতন। এ অবস্থায় গতকাল সকালে স্বামীর পরিবারের সদস্যরা নিজ ঘরে দীপা আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের জানান। স্বামীর বাড়ির শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দীপার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।দীপার ভাই মো. রাব্বি অভিযোগ করে বলেন, ‘যৌতুকের টাকার দাবিতে স্বামীর চেয়ে শাশুড়ি ও ননদ আমার বোনকে বেশি নির্যাতন করেছেন। আমরা অনেকটাই নিশ্চিত, তাঁরা সবাই মিলে আমার বোনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখেন।’ মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কতুবুর রহমান চৌধুরী বলেন, দীপার গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ ছিল। একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর কোন ধারায় মামলা হবে, তা ঠিক হবে। ঘটনার পর দীপার স্বামীর বাড়ির সবাই গা ঢাকা দিয়েছে। শিরিনের পরিবার ও পাবনা সদর থানা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ মার্চ সদর উপজেলার ব্রজনাথপুর নতুনপাড়া গ্রামের শিরিনের সঙ্গে একই উপজেলার চরসদিরাজপুর গ্রামের রুবেল ফকিরের (২৫) বিয়ে হয়। বিয়ের পর রুবেল ও তাঁর পরিবারের সদস্যরা শিরিনের পরিবারের কাছে যৌতুক হিসেবে ৪০ হাজার টাকা দাবি করে।শিরিনের বাবা আসলাম শেখ জানান, বিয়ের এক মাস পর তিনি ধারদেনা করে রুবেলকে ২০ হাজার টাকা দেন। বাকি ২০ হাজার টাকা দিতে অপারগতা জানালে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা শিরিনের ওপর অত্যাচার শুরু করে। গত ১১ আগস্ট শেষবারের মতো রুবেল শিরিনকে নিয়ে তাঁর বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে কয়েক দিন ধরে শিরিনকে নির্যাতন করেন। খবর পেয়ে তিনি মঙ্গলবার সকালে রুবেলদের বাড়ি গিয়ে শিরিনের খবর জানতে চান। তাঁকে বলা হয়, শিরিন বেড়াতে গেছে। পরে সন্ধ্যায় ওই বাড়ির এক কিলোমিটার দূরে পদ্মা নদীর পাড়ে শিরিনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। শিরিনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছিল বলে অভিযোগ করেন শিরিনের বাবা আসলাম শেখ। এ ঘটনায় রুবেলসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যকে আসামি করে তিনি হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেজাফ্ফর হোসেন জানান, লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে রুবেল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রুবেল ও তাঁর পরিবারের সবাই গা ঢাকা দেওয়ায় তাদের সঙ্গে কথা বলা যায়নি।