যৌতুক না পেয়ে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় যৌতুক না পেয়ে দুজন গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন আফসারা আক্তার (২১) ও জহুরা খাতুন (১৯)। গত শনিবার এ ঘটনা ঘটে।এদিকে ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে লিপি বেগম নামের আরেক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: পৌর এলাকার বালিগ্রামে যৌতুক না পেয়ে গৃহবধূ আফসারা আক্তারকে (২১) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে আফসারার সঙ্গে আশিকুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আফসারার ওপর নির্যাতন শুরু হয়। আফসারার শান্তির জন্য তাঁর পরিবার স্বর্ণালংকার, রেফ্রিজারেটর ও রঙিন টেলিভিশন দেয়। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি আফসারার শ্বশুরবাড়ির লোকজন। তারা আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এই টাকা দিতে না পারায় শনিবার বিকেলে আফসারাকে শ্বাসরোধে হত্যা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় নিহত আফসারার ভাই আবদুর রাজ্জাক থানায় হত্যা মামলা করেছেন।কুষ্টিয়া: জানা যায়, চার মাস আগে জেলার কুমারখালী উপজেলার বাটিকামারা গ্রামের খোকনের সঙ্গে জহুরার বিয়ে হয়। জহুরার পারিবারের অভিযোগ, বিয়ের সময় জহুরার শ্বশুর আবদুল মোমিন যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করেন। জহুরার বাবা জালাল উদ্দিন ৪০ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা আগামী অক্টোবরে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু বিয়ের এক মাস যেতে না-যেতেই বাকি ৩০ হাজার টাকার জন্য জহুরার ওপর চাপ সৃষ্টি করে শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে না পারায় জহুরার ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন।এলাকাবাসীর অভিযোগ, শনিবার সকালেও জহুরাকে ব্যাপক মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খোকন তড়িঘড়ি লাশ বাড়িতে নিয়ে ওই রাতেই দাফনের চেষ্টা চালান। প্রতিবেশীরা বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে জহুরার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গতকাল দুপুরে জানান, জহুরার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। জহুরার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।ঠাকুরগাঁও: পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন সিংগিয়া গ্রামের আবু তাহেরের সঙ্গে লিপি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য লিপির ওপর চাপ দিতে থাকেন তাহের। যৌতুক না পেয়ে প্রায়ই লিপির ওপর নির্যাতন চালানো হতো। এ নিয়ে গত শনিবার রাতেও তাঁদের মধ্যে তর্ক হয়। এ সময় তাহের লিপিকে ‘তুই মরে যা’ বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর লিপি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, পুলিশ লিপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় লিপির বাবা বাদী হয়ে আবু তাহেরকে আসামি করে মামলা করেছেন। তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।থানা হাজতে আবু তাহের বলেন, ‘আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সেদিন রেগে গিয়ে ওকে মরে যেতে বলেছিলাম। কিন্তু লিপি সত্যি এই কাজটি করবে তা ভাবতে পারিনি।’