যৌতুক মামলায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির যাবজ্জীবন
বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন মামলার রায়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল।আজ বুধবার বরিশালের বিভাগীয় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল হোসেন বেপারী আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মেহেন্দীগঞ্জ উপজেলার চরসোনাপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন বেপারী, তাঁর বাবা সেলিম বেপারী ও মা মোসাম্মাত্ মমতাজ বেগম।ট্রাইব্যুনাল সূত্র জানা যায়, একই গ্রামের দেলোয়ার তালুকদারের মেয়ে ইসরাত জাহান আসমার সঙ্গে ১৯৯৮ সালের ১৩ মে সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী, শ্বশুর ও শাশুড়ি আসমার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসমাকে প্রায়ই নির্যাতন করা হতো।এ ঘটনায় ২০০২ সালের ২ সেপ্টেম্বর আসমা বরিশাল বিভাগীয় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ দায়ের করেন। বিচারক নালিশি অভিযোগ মামলা হিসেবে রুজু করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই বছরের ৩১ অক্টোবর থানার উপপরিদর্শক মজিবর রহমান আসমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। পরে ট্রাইব্যুনালে মামলার নয়জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন। —বাসস।