যৌতুক: প্রতিকার কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবর্ণার (ছদ্মনাম) বিয়ে। দরিদ্র বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া সুবর্ণার জন্য আজকের দিনটি একটু অন্য রকম। যদিও সে জানে না ঠিক কতটুকু সুখ বা সচ্ছলতা বয়ে আনবে তার জন্য এ বিয়ে। তবু বিয়ে বলে কথা। বাবা-মায়ের মুখ দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে, তাঁরা কন্যাদায়গ্রস্ততা থেকে মুক্তির আনন্দে কিছুটা উল্লসিত। পাত্রের ঘরবাড়ি বা সহায়-সম্পত্তি সম্পর্কে তাঁদেরও স্পষ্ট কোনো ধারণা নেই। নিম্নবিত্ত পরিবারে একটি ছেলে মেয়ে দেখতে এসেই বিয়ে করতে রাজি হয়ে গেছে, এতেই তাঁরা অনেক খুশি।দরিদ্র বাবার অনেক শখ ছিল ধুমধাম করে সুবর্ণার বিয়ে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি অর্থাভাবে। পাত্র ৫০ হাজার টাকা চেয়েছে। বিয়ের আগে পাত্রপক্ষ একটি মৌখিক চুক্তি করেছে সুবর্ণার বাবার সঙ্গে। বিয়ের দিন পাত্রকে নগদ ১০ হাজার টাকা দিতে হবে। বাকি টাকা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে। এ ছাড়া ঘরের প্রয়োজনীয় আসবাব তো আছেই।সুবর্ণার বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে সুবর্ণা বরের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যায় একরাশ স্বপ্ন নিয়ে। প্রথম দিনেই তার স্বপ্নেরা একদফা হোঁচট খায়। কারণ, শ্বশুরবাড়িতে তার জায়গা হয় না। তাকে ওঠানো হয় পাত্রের দূর-সম্পর্কের এক ভাইয়ের বাড়িতে। কিছুই বুঝতে পারে না সে। দুই দিন পর খবর পেয়ে সুবর্ণার বাবা ছুটে আসেন। পাত্রের বাড়ি থেকে জানানো হয়, আরও ১০ হাজার টাকা না পেলে তাকে শ্বশুরবাড়িতে ওঠানো হবে না। ধারদেনা করে বাবা সেই টাকা কয়েক দিনের মধ্যে পরিশোধ করেন এবং তাদের আশ্বস্ত করেন, যত তাড়াতাড়ি সম্ভব বাকি টাকা শোধ করা হবে। কিন্তু সুবর্ণার বাবা সে কথা রাখতে পারেননি। কোনোভাবে টাকা জোগাড় হয়নি। কিছুদিন পরই সুবর্ণা শ্বশুরবাড়িতে তার অবস্থান বুঝতে পারে। যৌতুকের টাকা পরিশোধ না করায় শ্বশুরবাড়ির লোকেরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, এমনকি শারীরিক নির্যাতনও শুরু করে। স্বপ্নগুলো ফ্যাকাশে হতে হতে তা একেবারেই ঝরে পড়ে একসময়। সময় যত গড়াতে থাকে, নির্যাতনের মাত্রা তত বাড়তে থাকে...।এ গল্পটির সমাপ্তি দুই রকম হতে পারে কিংবা বলা যায়, আমাদের সমাজে দুই ধরনের পরিণতি সচরাচর দেখা যায়—এক. নির্যাতনের একপর্যায়ে সুবর্ণা মারা যেতে পারে এবং শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালানোর চেষ্টা করতে পারে; দুই. সুবর্ণা অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর সংসার ছেড়ে চলে আসতে বাধ্য হতে পারে। বাংলাদেশের প্রচলিত আইনে যৌতুক দেওয়া বা নেওয়া দুটোই সমান অপরাধ। যৌতুক বলতে আমরা কী বুঝি? প্রচলিত আইন অনুযায়ী যৌতুক হচ্ছে বিবাহের সময় যেকোনো এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে নগদ টাকা-পয়সা, মূল্যবান সামগ্রী বা নানাবিধ উপঢৌকন প্রদান। ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করে অথবা এর কোনোটিতে প্ররোচিত করে, সে ক্ষেত্রে ওই ব্যক্তি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত (যা কোনোভাবেই এক বছরের নিচে নয়) জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এ ছাড়া যদি স্বামী বা স্ত্রীর পরিবারের পক্ষ থেকে যৌতুক দাবি করা হয়, সে ক্ষেত্রেও অভিযোগ প্রমাণিত হলে একই পরিমাণ দণ্ডের বিধান রাখা হয়েছে আইনটিতে।তা ছাড়া যৌতুক গ্রহণ বা প্রদানের জন্য যেকোনো ধরনের চুক্তিকেই এ আইনে অবৈধ বলা হয়েছে। যৌতুকের অপরাধ সংঘটনের এক বছরের মধ্যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে এ বিষয়ে নালিশ জানাতে হবে। এ ধরনের অপরাধ জামিন-অযোগ্য হবে।নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ অনুযায়ী, যৌতুকের জন্য নির্যাতন করা হলে সে ক্ষেত্রে শাস্তি হতে পারে:(ক) মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উভয় ক্ষেত্রে উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন;(খ) মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা অনধিকবার বছর কিন্তু অন্যূন পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন;(গ) সাধারণ জখম করার জন্য অনধিক তিন বছর কিন্তু অন্যূন এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।বিয়ে নারী-পুরুষের মিলিত জীবনের জন্য একটি সামাজিক, ধর্মীয় ও আইনগত ব্যবস্থা। অথচ যৌতুকের নির্মমতায় বিয়ে কখনো জীবনকে দুর্বিষহ করে তোলে। জনগণের কল্যাণের জন্যই আইন প্রণীত হয়। একজন সচেতন নাগরিকই পারে অন্যদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গণপ্রতিরোধ গড়ে তুলতে। যৌতুকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার জন্য গণসচেতনতা একান্ত প্রয়োজন।লেখক  শিক্ষার্থী, আইন ও বিচার বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।