যৌতুকের জন্য স্ত্রীকে এমন নির্যাতন!
গলায়, মুখে, বুকে ও পিঠে ক্ষত। ঠোঁটে জমাট রক্ত। আঘাতের কারণে ঘাড়ও নড়াতে পারছেন না। এভাবে প্রায় পুরো শরীর জুড়ে জখমের চিহ্ন নিয়ে স্বপ্না আক্তার (২২) এখন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। স্বপ্নার অভিযোগ, স্বামী নূর ইসলাম ওরফে নবীর নির্যাতনে তাঁর এ অবস্থা।স্বপ্নার ভাষ্য, প্রত্যাশা অনুযায়ী বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে না পারায় স্বামী নবী তাঁর ওপর এমন নির্যাতন চালিয়েছেন। তাঁর বাড়ি মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নের ধলিবন্ধ গ্রামে। তিন বছর আগে একই গ্রামের ছোট স্বর্ণ ব্যবসায়ী নবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ছয় মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে। স্বপ্নার বাবা দুই বছর আগে মারা গেছেন। আর মা আমেনা বেগম অন্যের বাড়িতে কাজ করেন।স্বপ্নার অভিযোগ, সম্প্রতি নবী বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য তাঁকে চাপ দেন। কিন্তু স্বপ্না তা না করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গত বুধবার তাঁকে বেদম পিটুনি দেন। এতে তাঁর গলা, মুখ, বুক, পিঠ ও ঠোঁটে জখম হয়। একপর্যায়ে স্বপ্না চিত্কার দিলে মুখে কাপড় গুঁজে গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। পরদিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্বপ্না হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর স্বামী নবী ও শ্বশুর রইদালি গা-ঢাকা দিয়েছেন বলে প্রতিবেশীরা জানায়। গত শনিবার তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা মো. শাহাদাত্ হোসাইন প্রথম আলো ডটকমকে বলেন, মেয়েটির গলায় চেপে ধরা হয়েছিল। তাঁর শরীরজুড়ে জখম ও ক্ষত রয়েছে। স্থানীয় আদারভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফুর রহমান বলেন, ‘স্বপ্না তাঁর বৃদ্ধা মাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে হাসপাতালে চিকিত্সা নিতে ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’