যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে মাসুদ (৩০) নামের এক ব্যক্তি যৌতুকের জন্য স্ত্রী পলি আক্তারকে (২৪) গলা টিপে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পলির পরিবারের সদস্যদের ভাষ্যের বরাত দিয়ে ত্রিশাল থানার পুলিশ জানায়, ছয় বছর আগে ত্রিশাল উপজেলার বড়গাঁও গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে বাসমালিক মাসুদের সঙ্গে বিয়ে হয় গফরগাঁও উপজেলার ইয়াকুব আলীর মেয়ে পলি আক্তারের। বিয়ের পর তাঁদের সংসার ভালোই চলছিল। দুই বছর পর তাঁদের এক কন্যাসন্তানের জন্ম হয়। তিন বছর পর তাঁদের সংসারে আসে আর এক কন্যাসন্তান। এরপর থেকে পলির ওপর শুরু হয় স্বামীর নির্যাতন। ব্যবসা ছেড়ে মাসুদ জুয়া খেলা শুরু করেন; সংসারে আয়ের উত্স বাসটি বিক্রি করে দেন। এ সময় যৌতুকের জন্য তিনি প্রতিদিন স্ত্রীকে নির্যাতন করতেন। ঘটনার আগের রাতে (বৃহস্পতিবার) তিন লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে বেদম মারধর করেন মাসুদ। রাতেই পলি মুঠোফোনে তাঁর বড় ভাই খালেকুজ্জামানকে বিষয়টি জানান। বোনকে আনতে তিনি শনিবার (আজ) যাবেন বলে জানান। এরই মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যার পর স্ত্রীকে গলা টিপে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান মাসুদ। রাত ১১টার দিকে খবর পেয়ে খালেকুজ্জামান ত্রিশাল থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। রাত ১২টার দিকে পলির লাশ উদ্ধার করে পুলিশ।খালেকুজ্জামান জানান, মাসুদের ভগ্নিপতি নূরুল ইসলাম তাঁকে মুঠোফোনে পলির মারা যাওয়ার খবর জানান। ত্রিশাল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, পলির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।