যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীর পা কেটে বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পাওয়ায় কুপিয়ে স্ত্রী সুকরিয়া বেগমের (২২) ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন স্বামী শাহিন তালুকদার (৩০)। গতকাল রোববার সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুকরিয়াকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটুয়াখালী জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) সেলিম মাতবর জানান, সুকরিয়া বেগমের ঘাড়, মাথা, উরু, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁর ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, মৌকরণ গ্রামের শাজাহান সিকদারের মেয়ে সুকরিয়া বেগমের সঙ্গে প্রায় আড়াই বছর আগে পাশের দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মজিবর তালুকদারের ছেলে শাহিন তালুকদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহিন যৌতুকের জন্য স্ত্রীর ওপর নানাভাবে নির্যাতন করতে থাকেন। এক বছর আগে শাহিনকে ৩০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। এরই মধ্যে তাঁদের একটি কন্যাসন্তান (হাফিজা) জন্ম নেয়। এরপর আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন শাহিন। সুকরিয়ার মা কোহিনূর বেগম মৌকরণ বাজারে দর্জির কাজ করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুকের ৫০ হাজার টাকা দিতে অসমর্থ হওয়ার পরও তাঁর পরিশ্রমের আয় দিয়ে মেয়েজামাইকে একটি স্বর্ণের চেইন কিনে দেন। কিন্তু তাতেও মন ভরেনি শাহিনের। কয়েক দিন আগে স্ত্রীকে মারধর করে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেন টাকা আনতে। এরপর থেকে সুকরিয়া তাঁর শিশুকে নিয়ে বাবার বাড়ি অবস্থান করছিলেন। যৌতুকের টাকার জন্য গতকাল সকালে শ্বশুরবাড়ি আসেন শাহিন। গ্রামে সপ্তাহের হাটের দিন হওয়ায় এদিন সুকরিয়ার মা ও বাবা বাড়ি ছিলেন না। এই সুযোগে সকাল ১০টার দিকে শাহিন টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। সুকরিয়া তাঁর মা-বাবার অসামর্থ্যের কথা বললে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই একপর্যায়ে শাহিন দা দিয়ে সুকরিয়াকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তাঁর ডান পা হাঁটু পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সুকরিয়া অচেতন হয়ে লুটিয়ে পড়েন। এ অবস্থায় আশপাশের লোকজন ছুটে এলে শাহিন পালিয়ে যান। সুকরিয়ার মা কোহিনূর বেগম বলেন, ‘মাইয়াডার সুখের কথা ভাইব্যা ৩০ হাজার টাকা, সোনার চেইন দিলাম। হের পরও অর সুখ হইল না। হারাজনমের লাইগ্যা মাইয়াডারে পঙ্গু বানাইয়া দিল। আমি এর বিচার চাই।’ সুকরিয়ার বাবা শাজাহান সিকদার কাঁদতে কাঁদতে বলেন, ‘টাকার জন্য অয় আমার মাইয়্যাডারে পঙ্গু কইর‌্যা দিল।’পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে।