যৌতুকের দাবিতে গৃহবধূকে ন্যাড়া!
যৌতুকের দাবিতে এক গৃহবধূর চুল কেটে ন্যাড়া করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।এ ঘটনায় ৯ জানুয়ারি গৃহবধূর স্বামী মানিক, ভাসুর খোকন, শ্বশুর রমিজ উদ্দিন, শাশুড়ি রওশন আরা ও ননদ লাকিকে আসামি করে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়। আজ বুধবার বিচারক আবু মনসুর মোহাম্মদ জিয়াউর রহমান তাঁদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মামলার আরজিতে বলা হয়েছে, গত বছরের ১১ ফেব্রুয়ারি পঞ্চগড় পৌর এলাকার কামাতপাড়া গ্রামের এই নারীর সঙ্গে তুলারডাঙ্গা গ্রামের রমিজউদ্দিনের ছেলে মানিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। গৃহবধূর পরিবার গরিব হওয়ায় যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। গত ২৭ ডিসেম্বর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে মারধর করে এবং ন্যাড়া করে বাড়ি থেকে বের করে দেয়।আরজিতে আরও বলা হয়, ওই ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।