যৌতুকের মামলায় আপস অন্যায়
জাতিসংঘ সূত্রমতে, নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় (৪৭ শতাংশ)। শহরাঞ্চলে ৬০ শতাংশ নারী স্বামীর হাতে প্রহূত হন, ২০ শতাংশ যৌন নির্যাতনের শিকার এবং ৬৭ শতাংশ নারী মৌখিক নিপীড়নের শিকার। পুলিশের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০০৭ সালে নারী নির্যাতনের মামলা হয়েছে সাড়ে ১৩ হাজার। ২০০৬ সালে এ সংখ্যা ছিল সাড়ে ১১ হাজার। অনেক নারী নির্যাতনের ঘটনা মামলা হিসেবে থানায় রেকর্ড হয় না বা নির্যাতিত হলেও থানা বা কোর্টে মামলা করতে আসেন না। নারীর প্রতি সহিংসতা দমনের জন্য বাংলাদেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩সহ) ও যৌতুক নিরোধ আইন কার্যকর আছে। তা ছাড়া দণ্ডবিধির ৪৯৩ ও ৪৯৪ ধারা মহিলাদের সুরক্ষার জন্য বাংলাদেশে কার্যকর আছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০০-এর অধীনে বাংলাদেশে বর্তমানে ৪২টি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছেন এবং যৌতুক নিরোধ আইনের অধীনে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটরা কাজ করে যাচ্ছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ২০০০-এর বিচারকেরা জেলা ও দায়রা জজের পদমর্যাদার। এ আইনের অধীনে ট্রাইব্যুনালগুলো যৌতুক, যৌন নিপীড়ন, শ্লীলতাহানি, নারী ও শিশু অপহরণ, পাচার, ধর্ষণ, এসিড বা দাহ্য পদার্থ নিক্ষেপ, ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে অঙ্গহানি করা, মুক্তিপণ দাবি ইত্যাদি অপরাধের বিচার করে যাচ্ছেন। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটরা যৌতুক নিরোধ আইনে স্বামী বা তাঁর আত্মীয়স্বজন কর্তৃক বিয়ের পণ বা বিয়ে স্থির থাকার শর্তে কোনো অর্থ-সম্পদ-সামগ্রী দাবি করলে এবং কোনো মামলা হলে তার বিচার করতে পারেন।যৌতুক আদায়ের জন্য যদি স্ত্রী স্বামী বা তাঁর আত্মীয়স্বজন কর্তৃক মারধর, হত্যা, নির্যাতনের শিকার হন তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুসারে থানা বা ট্রাইব্যুনালে মামলা হবে এবং ট্রাইব্যুনাল ওই সব মামলা নিষ্পত্তি করবেন। এ আইনে যৌতুকের কারণে ভিকটিমের মৃত্যু হলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, মারাত্মক জখমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সাধারণ জখমের জন্য সর্বোচ্চ তিন বছর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যায়, এর শতকরা ৯৫ ভাগ মামলাই মীমাংসা হয়ে যায় এবং আবার স্বামী-স্ত্রী হিসেবে ঘর-সংসার করে। কখনো কখনো বিবাহবিচ্ছেদের মাধ্যমেও মামলা নিষ্পত্তি করে থাকে। এখানে উল্লেখ্য, নারী ও শিশু আইনের কোনো ধারাই আপসযোগ্য নয়। অনেকে আসামির বিপক্ষে সাক্ষ্য না দিয়ে মামলা শেষ করে থাকেন। আর বাকি ৫ শতাংশ মামলা প্রতিদ্বন্দ্বিতাসূত্রে নিষ্পত্তি হলেও আসামিকে দোষী সাব্যস্ত ও শাস্তির হার খুবও নগণ্য। যৌতুকের কারণে স্ত্রী হত্যা আমাদের দেশে খুবই উল্লেখযোগ্য। বেসরকারি সংস্থা অধিকারের পরিসংখ্যান অনুসারে, ২০০৫ সালে ২২৭, ২০০৬ সালে ২৪৩, ২০০৭ সালে ১৩৮, ২০০৮ সালে প্রথম দুই মাসে ২১ জন যৌতুকের কারণে বলি হয়। বলা হয়ে থাকে, মামলা দায়ের ও পরিচালনার দুর্বলতার কারণে বিচারে আসামিরা খালাস পান। আমি বাস্তবে দেখেছি, আপসের কারণে আসামিদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া সম্ভব হয় না। দুঃখজনক হলেও সত্য, অনেক সময় বাস্তবতার কারণে আত্মীয়স্বজন ও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের চাপাচাপিতে, এমনকি বাদীপক্ষ টাকার বিনিময়ে এমন ঘৃণ্য, জঘন্য অপরাধ আপস করে থাকে। হত্যা, ধর্ষণ, অপহরণ, পাচার ইত্যাদি জঘন্য, ঘৃণ্য অপরাধ আপসের কারণে রাষ্ট্র ও সমাজে একটা খারাপ উদাহরণ সৃষ্টি হয়। এতে অপরাধীরা উত্সাহিত হন আবার অপরাধ সংঘটনে। নতুনেরা জানবে, অপরাধ করলে শাস্তি হবে না; জেল, মৃত্যুদণ্ড হবে না। টাকা দিয়ে ফয়সালা করা যাবে। কুষ্টিয়ার কুমারখারী থানার নাউথি গ্রামের মৃত মুনছের আলী প্রামাণিকের মেয়ে ফুলজান খাতুনের বিয়ে হয় একই থানার শিবরামপুর গ্রামের মফিজের সঙ্গে। যৌতুকের জন্য তাঁকে খুন করা হয়। অবশ্য পরে আপস হয়ে যায়। ফুলজানের মা তাঁর জেরায় বলেন, ‘মামলা মীমাংসা হয়েছে। ৫০ হাজার টাকায় মীমাংসা হয়। আসামি মফিজ যৌতুক দাবি করত, যৌতুকের কারণে এ ঘটনা ঘটে।’ তাঁর ওই সাক্ষ্যের ওপর ভিত্তি করে আমি আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ করি। যৌতুক না দেওয়ার কারণে ফিরোজা খাতুন (২০) ও রাবেয়া খাতুন খুন হন তাঁদের স্বামী যথাক্রমে এরশাদ ও আলমের হাতে। ফিরোজা খাতুনের ভাই কামালউদ্দিন কুমারখালী থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, যৌতুকের দাবি না মেটানোর কারণে ২০০৬ সালের ২১ জুন ফিরোজা খাতুনের স্বামী অন্য আসামিদের সহযোগিতায় তাঁকে মারধরের পর হত্যা করেন এবং হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁর মুখে বিষ ঢেলে দেন। ঘটনার বিবরণে আরও জানা যায়, যৌতুকের দাবিতে আসামিরা প্রায়ই ফিরোজাকে মারধর করতেন। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে মৃতের ভিসেরায় বিষ পাওয়া যায়নি বলে উল্লেখ আছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ফিরোজার মাথার জখমকে মৃত্যুর কারণ বলে উল্লেখ করা হয়। রাবেয়ার ভাই শহীদুল ইসলাম থানায় এজাহারে উল্লেখ করেন, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেল সাড়ে চারটায় এক লাখ টাকা যৌতুকের দাবিতে আসামি আলম অন্যদের সহযোগিতায় রাবেয়াকে মারধর করেন। তাঁকে ফাঁসজনিত রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনে তাঁর ডান নাক ও চোয়ালে ফোলা কালশিরা জখমের কথা উল্লেখ করা হয়। ময়নাতদন্ত রিপোর্টে রাবেয়ার মৃত্যুর কারণ রক্তক্ষরণ ও আঘাতজনিত বলে উল্লেখ করা হয়। মেডিকেল প্রতিবেদনে তাঁর মৃত্যুকে নরহত্যা বলে চিহ্নিত করা হয়।২০০৫ সালের ১০ ডিসেম্বর শেফালীর বিয়ে হয় শহীদুল ইসলামের সঙ্গে। শেফালীর বুকভরা স্বপ্ন ছিল সুখের সংসারের। কিন্তু সে স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। পাষণ্ড স্বামী শহীদুল ইসলাম ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০০৭ মালের ২৯ জুলাই রাত আনুমানিক ১১টায় শেফালীকে মারধর ও বালিশচাপা দিয়ে হত্যা করেন। আসামি শহীদুল ইসলাম তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, স্ত্রীকে ঝগড়া ও বিবাদের একপর্যায়ে তাঁর মুখের ওপর বালিশ চেপে ধরে হত্যা করেন। শেফালীর বাবা মোর্শেদ আলী মণ্ডল, গ্রাম-কাঠখোলা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া কোর্টে নালিশি দরখাস্ত দাখিল করেন। ‘বাস্তবে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে, যৌতুকের দায়ে এসব হত্যার মামলাগুলো মৃতার আত্মীয়স্বজন বিশেষ করে মৃতার মা-বাবা ও ভাইবোনেরা আসামিদের সঙ্গে টাকা বা অন্য কিছুর বিনিময়ে আপস করে ফেলেন এবং তত্মর্মে সাক্ষ্য প্রদান করেন। ঘটনাস্থল স্বামী আসামির বাড়ি হওয়া সত্ত্বেও আদালত আসামি স্বামীকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করতে পারেন না। কারণ, আসামিপক্ষ সাক্ষীদের জেরা করে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় যে, ঘটনার রাতে বা সময়ে আসামি ঘটনাস্থলে ছিল না। রংপুর, কুমিল্লা, ঢাকা বা অন্য কোনো জেলায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, যা মিথ্যা এবং বাস্তবতার পরিপন্থী। এসব ক্ষেত্রে অবশ্যই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। বিচার পেতে হলে বিচারালয়ে বিচার দিতে হবে এবং তা প্রতিষ্ঠা করার জন্য আদালতে সাক্ষ্য প্রদান করতে হবে। লেখক বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া।