যৌতুকের মামলায় বুয়েট শিক্ষক জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে স্ত্রীর যৌতুকের মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক আরিফুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আলী আহসান তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠান। আরিফুর রহমান বুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিষয়ের প্রভাষক। তাঁর বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আলাদিপুর গ্রামে।মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২০ অক্টোবর আরিফুর রহমানের সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকার সোহরাব উদ্দীনের মেয়ে রেবেকা সুলতানার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য তিনি স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। তিনি ২০১২ সালের ২৪ আগস্ট স্ত্রীকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনতে চাপ দেন, অন্যথায় মারধর করার হুমকি দেন। কিন্তু স্ত্রী টাকা আনতে অপারগতা প্রকাশ করলে আরিফুর তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। পরে রেবেকা ২০১২ সালের ২১ অক্টোবর বাদী হয়ে কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতে স্বামী আরিফুরের বিরুদ্ধে একটি যৌতুকের মামলা করেন। মামলায় আদালত তাঁকে হাজির হতে সমন জারি করেন।রেবেকার আইনজীবী এ কে এম মঞ্জুরুল ইসলাম জানান, সেই সমনের পরিপ্রেক্ষিতে আজ আরিফুর রহমান আদালতে হাজির হন। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।