কর্মশালায় ভারত ও নেপালের সাবেক পানিসম্পদমন্ত্রী
যৌথ নদীর জন্য অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে
হিমালয় থেকে সৃষ্টি হওয়া সব নদীর জন্য যৌথ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নদীগুলোর অববাহিকা অঞ্চলের দেশ চীন, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে তাই সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘হিমালয়ান সাব-রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াটার সিকিউরিটি’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব সিকিউরিটি অ্যান্ড পিস স্টাডিসের (বিপস) আয়োজনে কর্মশালায় ভারত, বাংলাদেশ ও নেপালের সাবেক পানিসম্পদমন্ত্রীরা উপস্থিত ছিলেন। চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নদী-বিশেষজ্ঞরাও এতে অংশ নেন। কর্মশালা শেষে একটি যৌথ সুপারিশমালা তৈরি করা হয়।উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে কর্মশালায় যোগ দিতে পারেননি।ভারতের সাবেক পানিসম্পদমন্ত্রী সোমপাল সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নদীর পানিবণ্টন নিয়ে যে সমস্যাগুলো ছিল, শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে তা দূর করার দিকে যাত্রা শুরু হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব একমত হওয়ার পর এখন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের উচিত আলোচনাগুলো আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।নেপালের সাবেক পানিসম্পদমন্ত্রী দীপক গেওয়ালি বলেন, রাজনৈতিক নেতৃত্ব সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে পানিসংক্রান্ত যেকোনো সমস্যারই সমাধান করা সম্ভব। ব্রক্ষপুত্র ও গঙ্গার মতো বড় নদীগুলোর পাশাপাশি ছোট নদীগুলোর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সরকারের পাশাপাশি গণমাধ্যম, সুশীল সমাজকেও এ ব্যাপারে জনমত গঠনে এগিয়ে আসতে হবে।কর্মশালা আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বিপসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান বলেন, হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদীর ওপর দক্ষিণ এশিয়ার অর্ধেকেরও বেশি মানুষের জীবন-জীবিকা টিকে আছে। পানিসংক্রান্ত আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধানে বিভিন্ন দেশের মধ্যে যৌথ আলোচনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ জন্য নদীর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।দিনব্যাপী কর্মশালায় চারটি দেশের ২০ জন বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা অংশ নেন।