যৌথ নদীর জন্য অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয় থেকে সৃষ্টি হওয়া সবগুলো নদীর জন্য যৌথ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নদীগুলোর অববাহিকা অঞ্চলের দেশ চীন, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে এ জন্য সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘হিমালয়ান সাব-রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াটার সিকিউরিটি’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় এই সুপারিশগুলো করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব সিকিউরিটি অ্যান্ড পিস স্টাডিজের (বিপস) ও স্ট্র্যাটেজিক ফরেন গ্রুপের (এসএফজে) যৌথ আয়োজনে এ কর্মশালায় ভারত, বাংলাদেশ ও নেপালের সাবেক পানি সম্পদমন্ত্রীরা উপস্থিত ছিলেন। চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নদী বিশেষজ্ঞরা অংশ নেন। কর্মশালা শেষে একটি যৌথ সুপারিশমালা তৈরি করা হয়। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে কর্মশালায় যোগ দিতে পারেননি। ভারতের সাবেক পানিসম্পদমন্ত্রী সোমপাল সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নদীর পানিবণ্টন নিয়ে যে সমস্যাগুলো ছিল শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে তা দূর করার দিকে যাত্রা শুরু হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব একমত হওয়ার পর এখন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের উচিত আলোচনাগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নেপালের সাবেক পানিসম্পদমন্ত্রী দীপক গেওয়ালি বলেন, রাজনৈতিক নেতৃত্ব সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে পানিসংক্রান্ত যেকোনো সমস্যারই সমাধান করা সম্ভব। ব্রহ্মপুত্র ও গঙ্গার মতো বড় নদীগুলোর পাশাপাশি ছোট নদীগুলোর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজকেও এ ব্যাপারে জনমত গঠনে এগিয়ে আসতে হবে। কর্মশালা আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বিপসের প্রেসিডেন্ট এ এন এম মনিরুজ্জামান বলেন, হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদীর ওপর দক্ষিণ এশিয়ার অর্ধেকেরও বেশি মানুষের জীবন-জীবিকা টিকে আছে। পানিসংক্রান্ত আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধানে তিনি বিভিন্ন দেশের মধ্যে যৌথ আলোচনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, নদীর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। দিনব্যাপী কর্মশালায় চারটি দেশের ২০ জন বিশেষজ্ঞ ও রাজনীতিক ১০টি সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করেন। কর্মশালা শেষে তৈরি করা সুপারিশে বলা হয়, হিমালয়ে সৃষ্ট নদীগুলোর পানি-নিরাপত্তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। অববাহিকা অঞ্চলের সব দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি আঞ্চলিক কমিটি গঠন করতে হবে। যাঁরা নদীগুলো সম্পর্কে তথ্য বিনিময় ও গবেষণা করবেন।