পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেছেন, ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। মুখের এ কথার কোনো দাম নেই। কারণ, বাঁধটি নির্মিত হলে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে, তার কোনো পরিবেশগত সমীক্ষা এখনো হয়নি।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত গত রাতে প্রথম আলোকে বলেন, অভিন্ন নদীতে কোনো অবকাঠামো নির্মাণ করতে হলে পুরো অববাহিকার ওপর কী ধরনের প্রভাব পড়বে, তার একটি যৌথ সমীক্ষা প্রয়োজন। যৌথ সমীক্ষা ছাড়া ভারত এ ধরনের কোনো অবকাঠামো নির্মাণ করতে পারে না। নদীবিষয়ক আন্তর্জাতিক আইন, এমনকি ভারতের নিজস্ব পরিবেশবিষয়ক আইনেও বলা আছে, এ ধরনের বাঁধ নির্মাণের আগে একটি নদীর সার্বিক পরিবেশগত সমীক্ষা করতে হবে।বার্লিনে অবস্থানরত এই পরিবেশবিদ টেলিফোনে আরও বলেন, ‘গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পানিসম্পদ ব্যবস্থাপনায় অববাহিকাভিত্তিক যৌথ উদ্যোগের কথা বলেছিলেন। কিন্তু দুই মাসের মাথায় এ বক্তব্য উবে যাবে, তা আমরা আশা করিনি। কাজেই সরকারের উচিত, যথাযথ আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তুলে ধরা।’