যৌথ সমীক্ষা শুরু নিয়ে সংশয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথ সমীক্ষার জন্য এখনো বিশেষজ্ঞ কমিটি গঠন করেনি ভারত। ফলে বর্ষা মৌসুম শেষ হওয়ার আগে যৌথ সমীক্ষা শুরু না হওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। যদিও জুনের শেষ সপ্তাহে দুই দেশের বিশেষজ্ঞ কমিটির যৌথ সমীক্ষার বিষয়ে দিল্লিতে আলোচনায় বসার কথা ছিল।পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জানিয়েছেন, গত মাসে ভারতীয় বিশেষজ্ঞ কমিটি গঠনের পর যৌথ সমীক্ষার প্রক্রিয়া শুরুর জন্য বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। বাংলাদেশের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে গত ফেব্রুয়ারিতে।জানতে চাইলে পানিসম্পদ সচিব শেখ আলতাফ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের বিশেষজ্ঞ কমিটি গঠনের পর তা ভারতকে জানিয়েছি। এরপর তাদের কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে ভারতের বিশেষজ্ঞ কমিটি গঠনের ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। তাই দ্রুত কমিটি গঠনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকবার অনুরোধ জানানো হয়েছে।’কিন্তু যোগাযোগ করা হলে ভারতের পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিং ই-মেইলে প্রথম আলোকে জানান, ইতিমধ্যেই ভারতের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির দুই পক্ষের জন্য সুবিধাজনক সময়ে বৈঠক আয়োজনের লক্ষ্যে কমিটি চেষ্টা চালাচ্ছে।কমিটি গঠনের বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। ভারতের পানিসম্পদ সচিবের বক্তব্যের পর এ সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো জবাব আসেনি। জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল এ প্রতিবেদককে বলেন, ভারতের বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আর ওই কমিটি চূড়ান্ত হওয়ার আগে যৌথ সমীক্ষা নিয়ে আলোচনার সময়সূচি নির্ধারণের সুযোগ নেই। ভারতের মণিপুরে প্রস্তাবিত বৃহদায়তনের ওই জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে—এমন অবস্থান জানানোর পর ওই প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথ সমীক্ষায় রাজি হয় ভারত।পানিসম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ প্রতিনিধিদল গঠনের পরেই তা ভারতকে জানানো হয়েছে। এরপর ভারতীয় প্রতিনিধিদল গঠন করে যৌথ সমীক্ষার জন্য একাধিকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানানো হয়। বাংলাদেশের উদ্বেগ এবং মণিপুর ও পাশের রাজ্য মিজোরামের পরিবেশবাদীদের বিরোধিতার পরও গত ২২ অক্টোবর দিল্লিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বরাক নদের ওপর টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়। উদ্বেগের পর যৌথ সমীক্ষায় সম্মতি: টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের যৌথ বিনিয়োগ চুক্তি সইয়ের সংবাদ প্রচারের পর বাংলাদেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত বছরের ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে ওই প্রকল্প নিয়ে যৌথ সমীক্ষা চালানোর প্রস্তাব দেওয়া হয়। আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি পানিসম্পদ ও বিদ্যুৎমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যৌথ সমীক্ষায় রাজি হন। সমীক্ষা দলের কার্যপরিধি: যৌথ সমীক্ষার জন্য গত ২৯ ফেব্রুয়ারি ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল চূড়ান্ত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য সৈয়দ সাজ্জাদ হোসেন। প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বিভাগের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের দুই অধ্যাপক আছেন। সমীক্ষায় টিপাইমুখ বাঁধের পরিপ্রেক্ষিতে বরাক অববাহিকার পানিসম্পদ, পরিবেশ, প্রতিবেশ, ভূমিকম্প, আর্থসামাজিক, কৃষি, মৎস্য চাষ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বিশ্লেষণ অগ্রাধিকার পাবে। প্রকল্পে যা থাকছে: ভারতের পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রায় ২০০ কোটি রুপিতে নির্মিত টিপাইমুখ প্রকল্পটির জন্য ২২ হাজার হেক্টর জমিতে পানি সংরক্ষণ করা হবে। এতে প্রায় ৯০০ কোটি কিউবিক লিটার পানি ধরে রাখা যাবে। ভারতের দাবি মতে, মূলত বন্যার সময় পানি ধরে রাখা হবে। প্রকল্পে দেড় হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতা রয়েছে। তবে উৎপাদনের পরিমাণটা পানির প্রাপ্যতার ওপর নির্ভর করবে।