টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের লাভ-ক্ষতি নিয়ে সরকারের নিজস্ব উদ্যোগে জরুরি ভিত্তিতে সমীক্ষা চালানো উচিত। তা না হলে যৌথ সমীক্ষার পর দর-কষাকষির সময় বাংলাদেশ কোনো সুফল পাবে না। ভারতের মণিপুর রাজ্যে নির্মাণাধীন প্রস্তাবিত এই জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা আজ মঙ্গলবার এ অভিমত দেন।বাংলাদেশ অর্থনীতি সমিতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘টিপাইমুখ প্রকল্প: বাংলাদেশের প্রেক্ষিত’ শিরোনামে এ আলোচনার আয়োজন করে।বাংলাদেশ স্কুল অব ইকনোমিকসের চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা খুব হুজুগে আর আবেগতাড়িত। এখন যেমন টিপাইমুখ নিয়ে প্রচুর কথা হচ্ছে। একসময় ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে অনেক কথা বলা হতো। এখন এ নিয়ে বাংলাদেশে কেউ কোনো কথা বলে না। তার মানে এটা নয় যে ভারত প্রকল্পটি বাদ দিয়েছে।’খলিকুজ্জমান বলেন, ‘ভারত আমাদের আশ্বাস দিয়েছে, ফুলেরতল এলাকায় ব্যারাজ দিয়ে পানি প্রত্যাহার করা হবে না। আমি ধরে নিচ্ছি, ওই এলাকায় ব্যারাজ হবে না। তার পরও টিপাইমুখ প্রকল্পে আমাদের লাভ-ক্ষতি কী হবে, সেটা ভালোভাবে জানতে হবে।’নব্বইয়ের দশকের মাঝামাঝিতে প্রণীত বন্যা নিয়ন্ত্রণ-সংক্রান্ত কর্মপরিকল্পনার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটাই আমাদের বড় কাজ। একে ধরেই আমরা সমীক্ষা এগিয়ে নিতে পারি।’সভাপতির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত বলেন, ‘ভারত টিপাইমুখ প্রকল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মতামত নিয়েছে কি না, আমরা জানি না। এ বিষয়টি স্পর্শকাতর।’আবুল বারাকাত বলেন, ‘টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে বস্তুনিষ্ঠভাবে করতে হবে। এটি বাংলাদেশের মানুষের আপাতত স্বার্থের পরিপ্রেক্ষিতে নয়, দূরবর্তী স্বার্থের বিষয়গুলোকে বিবেচনায় এনে সমীক্ষা চালাতে হবে। আমাদের উদ্বেগ স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদি উদ্বেগ দূর করার ওপর জোর দিতে হবে। যৌথ এ সমীক্ষার কর্মপরিধি, প্রকল্পে বাংলাদেশের লাভ-ক্ষতি, কীভাবে ক্ষতি কমানো যায় এ বিষয়গুলো যথার্থভাবে করতে হবে।’পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) সাবেক মহাপরিচালক মোখলেসুজ্জামান বলেন, যদি সঠিক তথ্য-উপাত্ত না থাকে, এককভাবে সমীক্ষায় কোনো ফল আসবে না। তাই যৌথ সমীক্ষা চালানোটা জরুরি।গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরামর্শক কমিটির চেয়ারম্যান এম এ কাশেম। তিনি বাংলাদেশের নিজস্ব সমীক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘ভারতের সঙ্গে যখন কথা বলতে যাব, তখন আমাদের নিজস্ব তথ্য-উপাত্ত থাকতে হবে। এটা না থাকলে কীভাবে চলবে? তাই জরুরি ভিত্তিতেই এ সমীক্ষা চালাতে হবে।’আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী।