‘বাঁধ করো, তবে এত বড় বাঁধ করতে পারবে না। কারণ, এটা বাংলাদেশের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনবে। ভারতের কাছে এটাই হওয়া উচিত বাংলাদেশের স্পষ্ট বক্তব্য’প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, টিপাইমুখ নিয়ে ভারতের সঙ্গে যৌথ সমীক্ষায় দেশের সেরা বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। এর লক্ষ্যই হবে, সমীক্ষাটি যেন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।গওহর রিজভী গতকাল রোববার প্রথম আলো আয়োজিত ‘টিপাইমুখ বাঁধ নিয়ে শঙ্কা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন। প্রথম আলোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রায় সাড়ে তিন ঘণ্টার এ আলোচনায় তিনি প্রথমে তাঁর ভারত সফরের অভিজ্ঞতার কথা জানান। এরপর আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা টিপাইমুখ নিয়ে যেসব বিতর্ক ও বিভ্রান্তি আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আলোচনার শেষ পর্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকের এ আলোচনায় তেমন কোনো মতভেদ দেখিনি। সবার আলোচনায় একটা কথাই এসেছে, এ প্রকল্প থেকে বাংলাদেশ কীভাবে সুফল পাবে, তা নিশ্চিত করা। আমি আপনাদের এটা বলে আশ্বস্ত করতে পারি, যৌথ সমীক্ষায় দেশের সেরা বিশেষজ্ঞদেরই পাঠানো হবে। এ ছাড়া সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে কোনো উপায় নেই।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘টিপাইমুখ নিয়ে বাংলাদেশে তেমন লেখালেখি নেই। এ ব্যাপারে লেখালেখির জন্য পড়াশোনা করতে গিয়ে আমাকে ভারতের বিশেষজ্ঞদের ওপর নির্ভর করতে হয়েছে। এ ক্ষেত্রে ভারতের দেশপ্রেমিক বিশেষজ্ঞদের সঙ্গে আমি একমত। ভারতের কেউ কিন্তু লেখেনি, অথচ আমরা টিপাইমুখ নিয়ে এসব উপকারের কথা কোত্থেকে পাচ্ছি।’মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এ সচিব বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের এ আলোচনা শুধু টিপাইমুখ নিয়ে সীমাবদ্ধ রাখাটা সম্পূর্ণ অর্থহীন। সে দেশের উত্তর-পূর্বাঞ্চলে যেসব জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে, তার সবগুলো নিয়েই আলোচনা করতে হবে।’‘বাঁধ করো, তবে এত বড় বাঁধ করতে পারবে না। কারণ, এটা বাংলাদেশের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনবে। ভারতের কাছে এটাই হওয়া উচিত বাংলাদেশের স্পষ্ট বক্তব্য,’—এ মত দেন আকবর আলি খান। তিনি বলেন, ‘নদীর প্রবাহমান জলধারা (রান অফ ওয়াটার) থেকে জলবিদ্যুৎ উৎপাদন হবে। বড় কোনো জলাধার হবে না, ছোট হবে। এসব শর্ত পূরণ হলেই বলা যাবে টিপাইমুখ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। সোজা কথা হচ্ছে, অত বড় বাঁধ চাই না। বড় জলবিদ্যুৎ কেন্দ্র চাই না। অবশ্যই প্রকল্পের নকশা সংশোধন করতে হবে। টিপাইমুখ প্রকল্প হলে আমাদের ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে একটি ব্যাপক আকারে সমীক্ষা চালাতে হবে। বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে। তা না হলে ভারত আমাদের মাথায় হাত বুলিয়ে বিদায় করে দেবে।’আকবর আলি বলেন, ‘চীনের কাছে ভারত যে আচরণ প্রত্যাশা করে, ভারতের কাছেও বাংলাদেশ সেই আচরণই আশা করে। বাংলাদেশ বললেই ভারত শুনবে তার কোনো নিশ্চয়তা নেই। তার পরও আমাদের উদ্বেগের বিষয়গুলো ভারতের কাছে তুলে ধরতে হবে।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, নদীকে একটি অভিন্ন ইউনিট ধরে ব্যবস্থাপনার পরিকল্পনা করতে হবে। এখনই টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধিতা বিপদের মুখে ঠেলে দেবে অভিন্ন ৫৩ নদীর যৌথ ব্যবস্থাপনাকে। তাই যৌথ নদী ব্যবস্থাপনার সহযোগিতার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন দুই দেশের পানি বিশেষজ্ঞদের আলোচনায় টিপাইমুখ নিয়ে কবে ও কখন কী ধরনের আলোচনা হয়েছে তা তুলে ধরেন। বলেন, ‘টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহারের কোনো ব্যবস্থা থাকবে না, সেটি ভারত আশ্বস্ত করেছে। এ ব্যাপারে তারা আমাদের ২০০৯ সালের ২১ মে লিখিতভাবে জানিয়েছে।’টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনায় অনেকেই গঙ্গা চুক্তির নবম ধারার উল্লেখ করার পক্ষে যে মত দেন সাজ্জাদ হোসেন তার বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, টিপাইমুখের ক্ষেত্রে পানির হিস্যার এ ব্যাখ্যাটি প্রযোজ্য নয়।এ প্রসঙ্গে গঙ্গার চুক্তির নবম ধারার পক্ষে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘জলবিদ্যুৎ প্রকল্প হলে তো পানির তারতম্য ঘটবে। কাজেই আমরা এতে তো এ ধারার উল্লেখ করতেই পারি। এখন আমরাই যদি বলি যে এটার প্রয়োজন নেই, তাহলে তো আলোচনায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে যায়।’আসিফ নজরুল বলেন, ভারত যে আশ্বাস দিয়েছে তাতে কি এ নিশ্চয়তা পাওয়া গেছে যে টিপাইমুখ নিয়ে ভবিষ্যতে কোনো সম্পূরক প্রকল্প হলে তাতে পানি প্রত্যাহারের ব্যবস্থা থাকবে না?জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান এম ইনামুল হক বলেন, টিপাইমুখ নিয়ে বাংলাদেশের যেসব উদ্বেগ রয়েছে, এর প্রতিটি বিষয় আলোচনার টেবিলে আনতে হবে। এ জন্য যৌথ সমীক্ষা করতে হবে। এর মাধ্যমে দেখতে হবে প্রকল্পের নকশা কেমন, কবে ও কখন কী পরিমাণ পানি ছাড়া হবে, কেমন হবে এ প্রকল্পের ব্যবস্থাপনা। তিনি বলেন, ‘এখানে পানির হিস্যার কথা বলা হচ্ছে। কিন্তু পানির হিস্যার বিষয়টি তখনই আসবে, যখন কোনো অভিন্ন নদী থেকে পানি প্রত্যাহার করা হয়। কিন্তু বরাক নদে নির্মাণাধীন এ প্রকল্পের ক্ষেত্রে আমরা পানির ব্যবস্থাপনায় অংশীদারির কথা বলব।’ পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী এম এ কাশেম বলেন, টিপাইমুখ নিয়ে যত আলোচনা হচ্ছে তার অধিকাংশই আশঙ্কাতাড়িত ও অনুমাননির্ভর। তাই বিষয়টি যথার্থভাবে জানতে সমীক্ষা চালানো উচিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের লাভ-ক্ষতি কী হবে, তা জানতে প্রয়োজনে সরকারের নিজের উদ্যোগেই জরুরি ভিত্তিতে সমীক্ষা চালাতে হবে।এম এ কাশেম বলেন, টিপাইমুখের কারণে বরাক নদের পানি বণ্টনের বিষয়টি এখন সামনে এসেছে।ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক এম এ আরাফাত বলেন, দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে ভবিষ্যতে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে জলবিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া উচিত। তাই বাঁধের উপযোগিতার বিষয়টিকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘টিপাইমুখ বাঁধের ব্যাপারে আমাদের যৌক্তিক অবস্থান নিতে হবে, কোনোভাবেই পানি প্রত্যাহার করা যাবে না। তবে টিপাইমুখের বিষয়ে একটি যৌথ সমীক্ষা হওয়া জরুরি।’ সূচনা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতে অভ্যন্তরীণভাবে যে চুক্তিটি সই হয়েছে, তা নিয়ে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষের এ নিয়ে নানারকম দুশ্চিন্তা ও ভয়ভীতি আছে। এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি আছে। তাই এ নিয়ে একটি যৌথ সমীক্ষা হওয়া দরকার। যদি হয়, তবেই সন্দেহ-অবিশ্বাস ও বিভ্রান্তি চলে যেতে পারে।আলোচনা সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।