ব্রিটেনে যৌন অপরাধ দমন আইনে যৌনতা ও ধর্ষণ-সম্পর্কিত অপরাধগুলো সুনির্দিষ্ট এবং স্পষ্ট করা হয়েছে। এ আইনে সাধারণ যৌন অপরাধের সঙ্গে আরও নতুন কিছু অপরাধের সংজ্ঞা প্রদান করা হয়েছে: যেমন, লুকানো স্থান থেকে অন্যের যৌনক্রিয়া দেখে আনন্দ লাভ করা, অনুপ্রবেশের মাধ্যমে আঘাত, কোনো শিশুকে যৌনক্রিয়া দেখতে বাধ্য করা এবং মৃতদেহের কোনো অংশকে অনুপ্রবেশ ঘটানো। এ আইনে ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে:‘কোনো ব্যক্তি ধর্ষণের অপরাধ করে যদি— ১. সে (পুরুষ বা নারী) ইচ্ছাকৃতভাবে অন্যের গোপনাঙ্গে বা মুখে অনুপ্রবেশ ঘটায়।২. এ অনুপ্রবেশে যদি এ ব্যক্তির সম্মতি না থাকে।৩. অনুপ্রবেশকারী বিশ্বাস করে না যে সম্পর্ক স্থাপনে সম্মতির প্রয়োজন।’ এ আইনে কিছু চূড়ান্ত অনুমানের ওপর সাক্ষ্যে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন: আসামি আক্রান্ত ব্যক্তিকে ভুল মানুষের পরিচয় দিয়ে প্রতারণা করেছে, প্রভাবিত করেছে, এটিই মামলার প্রমাণের জন্য যথেষ্ট। এ আইনানুযায়ী, নারী কিংবা পুরুষ উভয়কেই ধর্ষণের অপরাধে অপরাধী করা হয়েছে। তবে নারীকে শাস্তি দেওয়া হবে কোনো বস্তু অনুপ্রবেশের মাধ্যমে আঘাতের অপরাধে এবং পুরুষকে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের অপরাধে। অর্থাৎ এ আইনে নারী বা পুরুষ উভয়ই শাস্তি পেতে পারে ইচ্ছাকৃতভাবে অন্যকে জোর করে যৌনকর্মে বাধ্য করার জন্য। সম্মতির ক্ষেত্রে ১৩ বছরের কমবয়সী (পুরুষ কিংবা নারী) কারও সম্মতি নিয়ে যৌনক্রিয়া ধর্ষণ বলে গণ্য হবে। স্কটিশ আইনের এক অন্যতম বৈশিষ্ট্য হলো, আসামিকেই প্রমাণ করতে হবে অভিযোগকারিণী বা ধর্ষিতার সম্মতি ছিল যৌনসম্পর্কের ক্ষেত্রে। নিজেকে নির্দোষ প্রমাণ করার ভার আসামির ওপর ন্যস্ত। অন্যান্য দেশের ধর্ষণজনিত অপরাধের ক্ষেত্রে মামলার প্রমাণের ভার থাকে অভিযোগকারিণীর ওপর এবং তাকে প্রমাণ করতে হয়, তার সম্মতি ব্যতীত বা জবরদস্তিমূলকভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু এ আইনে এটি ব্যতিক্রম।