যৌন নিগ্রহের অভিযোগে সরতে হলো ভারতীয় সেনাকর্তাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন সহকর্মীর স্ত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে ইস্তফা দিতে হলো এক ভারতীয় সেনাকর্তাকে। গত মাসে দপ্তরের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে সপরিবারে ইসরায়েল গিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট জেনারেল এ কে নন্দা। সেখানে নিজের এক সচিবের স্ত্রীকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ ওঠে। ওই নারী নন্দের বিরুদ্ধে অভিযোগ জানান আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ভারতী সিংকে। ভারতী সেনাপ্রধান ভি কে সিংয়ের স্ত্রী। তদন্তের পর গত সপ্তাহেই নন্দাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। এই প্রথম যৌন কেলেঙ্কারির অভিযোগে ভারতীয় বাহিনীর এত উঁচু পদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। অভিযুক্ত সেনা কর্মকর্তার সচিব তাঁর সঙ্গে কাজ করতে না চাওয়ায় ওই সচিবকে ভূপালে অন্য দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি এ কে নন্দা ও তাঁর দপ্তরের কর্মীরা। দীর্ঘদিন সীমান্ত সড়ক বিভাগের দায়িত্বে থাকা নন্দা (৫৯) মাত্র এক বছর আগে বাহিনীর প্রধান ইঞ্জিনিয়ার হন। বছর দুয়েক আগে একজন সহকর্মী নারী কর্মকর্তাকে যৌন নিগ্রহের অভিযোগে বরখাস্ত হন মেজর জেনারেল এ কে লাল। তিনি ছিলেন লাদাখে একটি বাহিনীর প্রধান। সম্প্রতি রণতরী গ্রশকভ মেরামতির দায়িত্ব থাকা ভারতীয় নৌ কর্মকর্তা কমোডর সুখজিন্দর সিংয়ের বিরুদ্ধেও এক রুশ নারীর সঙ্গে গোলমেলে সম্পর্কের অভিযোগ উঠেছিল। সুকনা জমি কেলেঙ্কারিতে তিন লেফটেন্যান্ট জেনারেল এবং এক মেজর জেনারেল পদের কর্মকর্তার নাম জড়ানোয় এমনিতেই যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। লেফটেন্যান্ট জেনারেল এ কে নন্দের কীর্তি সেই কালির দাগ আরেকটু বাড়িয়ে দিল। সূত্র: পিটিআই।