যৌন নিপীড়নের কারণে ভারতে কমছে পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিভিন্ন স্থানে নারী পর্যটকদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় দেশটিতে গত তিন মাসে বিদেশি নারী পর্যটকের সংখ্যা ৩৫ শতাংশ কমে গেছে বলে এক জরিপের ফল থেকে দাবি করা হয়েছে। এএফপির বরাত দিয়ে দ্য ডন অনলাইনের খবরে বলা হয়, বিদেশি নারীদের ওপর সাম্প্রতিক যৌন হামলার ঘটনা বিশ্বের গণমাধ্যমগুলোতে বিতর্ক ও নিন্দার ঝড় তুলেছে।অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (আসোচাম) ভারতের বিভিন্ন স্থানের মোট এক হাজার ২০০ পর্যটন-সেবাদানকারী প্রতিষ্ঠানের ওপর একটি জরিপ চালায়। এই জরিপের প্রতিবেদনে পর্যটকের হার কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। আসোচাম বলেছে, প্রতিবছর বাইরে থেকে পর্যটকদের ভারত ভ্রমণের পরিমাণ ২৫ শতাংশ করে কমছে। ছুটি কাটাতে পর্যটকেরা এখন মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।গত ডিসেম্বর মাসে দিল্লিতে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থী বাসে ধর্ষণের শিকার হলে তা নিয়ে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর দেশটিতে আরও বহু নারী ধর্ষণসহ বিভিন্ন মাত্রার যৌন নিপীড়নের শিকার হয়েছেন।গত মাসে মধ্যপ্রদেশে এক সুইস নারী গণধর্ষণের শিকার হন। জানুয়ারি মাসে ওই প্রদেশেই দক্ষিণ কোরীয় এক নারী পর্যটককে মাদক গ্রহণে বাধ্য ও পরে ধর্ষণ করা হয়। ওই নারী যে হোটেলে উঠেছিলেন, সেটির মালিকের ছেলে ও তার সঙ্গীরা ওই অপকর্ম ঘটায় বলে অভিযোগ রয়েছে।আসোচামের সাধারণ সম্পাদক ডি এস রাবাত বলেছেন, এসব ঘটনার কারণে ভারতে ‘নারী ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে’ উদ্বেগ বেড়েছে। পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলেছে, গত তিন মাসে অনেক পর্যটক তাঁদের নির্ধারিত যাত্রা বাতিল করেছেন। অথচ এ সময়ে ভারতের পর্যটনশিল্পের ভরা মৌসুম। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের নারী পর্যটকেরা সাধারণত এ সময়েই ভারত ভ্রমণ করেন।রাবাত বলেন, বিশ্বমন্দা একটি বড় কারণ হলেও ভারতে পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তার ক্রমপতনের কারণেই মূলত পর্যটকের সংখ্যা কমছে। আসোচাম গতকাল রোববার তার বিবৃতিতে বলেছে, ‘বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিককে ভারত ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে এবং ভারতের বদলে অন্য কোনো দেশ ভ্রমণের জন্য অনুরোধ করছে। এ কারণে পরিস্থিতি গুরুতর হয়েছে।’অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার করতে ভারতের সরকার যখন পর্যটনশিল্পের বিকাশে নতুন করে মনোযোগ দিয়েছে, তখন আসোচাম জরিপটি প্রকাশ করল। যৌন নিপীড়ন ঠেকাতে না পারলে ভারতের বিশাল পর্যটন খাত হয়তো অচিরেই হুমকির মুখে পড়বে।