জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে বিভাগীয় সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে গত ১৫ এপ্রিল উপাচার্যের কাছে একই বিভাগের এক শিক্ষিকা যৌন নিপীড়নের অভিযোগ করেন। হাইকোর্টের নির্দেশনার আলোকে তদন্ত শেষে গত ৮ জুলাই উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন গঠিত তদন্ত সেলের প্রধান অধ্যাপক খুরশিদা বেগম। গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের ১৯ দিন পর আজ বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় আবদুল্লাহ হেল কাফীকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়। এ ছাড়া তাঁকে বিভাগীয় সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।