যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। পাশাপাশি তাঁকে বিভাগীয় সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৭ জুলাই সিন্ডিকেটের সভায় যৌন নিপীড়নের দায়ে এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়।জানা যায়, উপাচার্যের কাছে গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন একই বিভাগের এক শিক্ষিকা। ঘটনার তদন্ত শেষে গত ৮ জুলাই উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন হাইকোর্টের নির্দেশনার আলোকে গঠিত তদন্ত সেলের প্রধান অধ্যাপক খুরশিদা বেগম। ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ১৯ দিন পর গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় আবদুল্লাহ হেল কাফীকে পদাবনতি দেওয়া হয়। পাশাপাশি তাঁকে বিভাগীয় সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী শিক্ষিকাকে তাঁর আচরণ-ব্যবহারে সংযত হওয়ার পরামর্শ দেওয়া হয়।সভায় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র নাহিদ আরেফিনকে মারধরের ঘটনায় অর্থনীতি বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র দেলোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। নাহিদ গত মঙ্গলবার মারধরের শিকার হন।সভা শেষে গতকাল রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক ওই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।এদিকে সিন্ডিকেটের ওই সিদ্ধান্তকে প্রহসনমূলক ও অপরাধের তুলনায় শাস্তি লঘু বলে অভিহিত করেছেন ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা।অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তই প্রমাণ করে অভিযোগটির সত্যতা ছিল। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অপরাধের তুলনায় নগণ্য। এ ছাড়া অভিযোগকারীর আচার-আচরণগত পরামর্শের বিষয়টি তাঁর প্রতি প্রশাসনের সহানুভূতির পরিপন্থী।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক শিক্ষক আবদুল্লাহ হেল কাফীকে পদাবনতি ও ছাত্র দেলোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।