যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া আইনি জটিলতা থাকায় যৌন নিপীড়নের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা যায়, যৌন নিপীড়নের অভিযোগ ওঠা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন এবং একই ধরনের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভা বসে। সভা শেষে রাত সাড়ে ১০টার দিকে উপাচার্য শরীফ এনামুল কবির জানান, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনকে পদাবনতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিভাগের ছয়জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং ওই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সব শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অপরদিকে আইনি জটিলতা থাকায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে। হাইকোর্ট আদেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের কাজে যোগ দিতে পারবেন না।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষের মাত্রা বিবেচনা করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি জটিলতার কারণে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৮ সালের ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চারজন ছাত্রী সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ্রকরেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই বছরের ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় অভিযুক্ত শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ওই শিক্ষককে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন। ২১ অক্টোবর ওই শিক্ষক বিভাগে গেলে শিক্ষার্থীরা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দিনই বিভাগের ছয়জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে। ২৭ নভেম্বর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, কর্মজীবী নারী, অধ্যাপক সিরাজুল ইসলাম ও কামাল লোহানী জনস্বার্থে ঘটনার পুনঃ তদন্ত, শিক্ষার্থীদের বহিষ্কার ও শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২০০৯ সালের ১৭ মে হাইকোর্ট ঘটনা পুনঃ তদন্ত করতে এবং ছয়জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেন। ওই নির্দেশের আলোকে বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করে।চলতি বছরের ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে উপাচার্যের কাছে নিপীড়নের অভিযোগ করেন একই বিভাগের এক শিক্ষিকা। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গঠিত নিপীড়নবিরোধী সেলে অভিযোগটি পাঠান উপাচার্য।