যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার স্ত্রস কানের
যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কান নিজেকে নির্দোষ দাবি করেছেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।এ দিকে স্ত্রস কানের স্ত্রী ফ্রান্সের বিখ্যাত সাংবাদিক অ্যান সিনক্লেয়ার বলেছেন, ‘আমি এক সেকেন্ডের জন্যও আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে বিশ্বাস করি না। তিনি নির্দোষ, এটা প্রমাণিত হবে।’ কান নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার এবং শোভন আচরণ করার আহ্বান জানান তিনি।২০১২ সালে অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন দেশটির সাবেক অর্থমন্ত্রী স্ত্রস কান। তাঁর এ স্বপ্নের সমাধি রচনা করতেই কানকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে। প্যারিসের একজন কাউন্সিলর মিশেল সাব্বান দাবি করেন, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র।গত শনিবার এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে করে ইউরোপের উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার প্রাক্কালে কানকে (৬২) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ, অবৈধভাবে আটকে রাখা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ৩২ বছর বয়সের এক নারীর অভিযোগের ভিত্তিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিবিসি।