যৌন নির্যাতনের অভিযোগে আইএমএফ প্রধান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ডোমিনিক স্ত্রস কানকে গতকাল শনিবার আটক করেছে নিউইয়র্ক পুলিশ। নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিউইয়র্ক পুলিশ সূত্র জানিয়েছে, আজ রোববার কানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ, ধর্ষণ চেষ্টা ও অবৈধভাবে আটক রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁকে আজ আদালতে উপস্থাপন করা হবে বলেও নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ডোমিনিক স্ত্রস কান তাঁর আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন।৩২ বছর বয়সী এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কানকে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন জানান। ব্রাউন আরও জানান, কান যে হোটেলে অবস্থান করছিলেন অভিযোগকারী নারী সেই হোটেলেরই কর্মী। ঘটনার পর পরই তাড়াহুড়ো করে হোটেল ছাড়েন ডোমিনিক স্ত্রস কান। জন এফ কেনেডি বিমানবন্দরে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানেও উঠে পড়েন তিনি। তবে বিমান ছাড়ার আগেই ডোমিনিককে নামিয়ে আনে পুলিশ। ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির হয়ে ডোমিনিক স্ত্রস কানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। ২০০৭ সালের নভেম্বরে তিনি আইএমএফের দায়িত্ব নেন।