যৌন নির্যাতনের অভিযোগে সৌদি কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত সৌদি আরবের বিমানবাহিনীর একজন সার্জেন্টকে শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মাজেন আলোতাইবি নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, নববর্ষের সন্ধ্যায় লাস ভেগাসের একটি হোটেলে ১৩ বছর বয়সী এক ছেলেশিশুর ওপর যৌন নির্যাতন চালান তিনি। পুলিশ জানিয়েছে, আলোতাইবি (২৩) প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যান। আলোতাইবির আইনজীবী জানান, তাঁর মক্কেল সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। তাঁর স্নাতক কোর্স শেষ হতে দুই সপ্তাহ বাকি ছিল। নতুন বছর উদযাপন করতে তিনি লাস ভেগাসে যান। পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, শিশু যৌন নির্যাতনের অভিযোগে আলোতাইবিকে জিজ্ঞাসাবাদের সময় তিনি মদ্যপ ছিলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছেন তিনি। তবে আলোতাইবির আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই। ওই শিশু তাঁর মক্কেলের কাছে মাদকদ্রব্য বিক্রির চেষ্টা করছিল। এ সময় শিশুটির হাত থেকে পরিত্রাণের চেষ্টা করছিলেন তিনি। আদালতের এক কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার আলোতাইবির জামিনের জন্য ১২ লাখ ডলারের বেশি অর্থ নির্ধারণ করা হয়েছে। লাস ভেগাসের গণমাধ্যম জানিয়েছে, আদালত তাঁকে তাঁর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া জামিন পেলে তাঁকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আলোতাইবির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হতে পারে।