যৌন বৈশিষ্ট্যের কারণে বৈষম্য করা যাবে না: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ভিন্ন যৌন বৈশিষ্ট্যের কারণে কারও প্রতি বৈষম্য বা নির্যাতন করা যাবে না বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এ ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো সমকামী (লেসবিয়ান), উভকামী (বাইসেক্সুয়াল) ও রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) মানুষের পক্ষে সরাসরি অবস্থান নিল জাতিসংঘ।বিতর্কিত এই ঘোষণাকে পশ্চিমা দেশগুলো ঐতিহাসিক বললেও বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, বাহরাইন, কাতারসহ মুসলিম দেশগুলো এর বিরোধিতা করেছে।দক্ষিণ আফ্রিকার সদস্যের তোলা প্রস্তাবটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গত শুক্রবার ভোটাভুটি হয়। ৪৭ সদস্যের কাউন্সিলে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ২৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ১৯টি। তিনটি দেশের প্রতিনিধি ভোটদানে বিরত ছিলেন এবং একজন ছিলেন অনুপস্থিত। এ ছাড়া কাউন্সিলের আরেক সদস্য লিবিয়ার সদস্যপদ স্থগিত আছে গত মার্চ থেকে।প্রস্তাবটি গৃহীত হওয়ার পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘শুধু যৌন বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে সারা বিশ্বে বহু মানুষ ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকের এই প্রস্তাবের মাধ্যমে এটা নিশ্চিত হলো, মানবাধিকারের বিষয়টি সর্বজনীন। এটা ঐতিহাসিক মুহূর্ত।’যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা সদস্যদের বেশির ভাগ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে রাশিয়া ভোট দিয়েছে বিপক্ষে, আর চীন ভোটদানে বিরত ছিল।ভোটের আগে মৌরিতানিয়ার প্রতিনিধি শেখ আহমেদ ওউলদ জাহাফ বলেন, ‘এই প্রস্তাবের সঙ্গে মানবাধিকারের কিছু নেই। আমাদের মনে হয়েছে, এটা অস্বাভাবিক অধিকারের মাধ্যমে মানুষের স্বাভাবিক অধিকারকে বদলে দেওয়ার চেষ্টা। কাজেই সবাইকে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’জাতিসংঘের এই ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশে যৌন সংখ্যালঘুদের নিয়ে কাজ করছে এমন একটি সংগঠন ‘বন্ধুর’ নির্বাহী পরিচালক সালেহ আহমদ গতকাল শনিবার বিবিসিকে বলেন, ‘আমি জানি না সরকার কোন দৃষ্টিভঙ্গি থেকে এই অবস্থান নিল। মানবাধিকারের দিক থেকে দেখলে ভাবতে খারাপই লাগে যে বাংলাদেশ সমকামীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। সরকার বিষয়টা “পজিটিভলি” নিতে পারত।’ তিনি বলেন, ২০০০ সালে সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশে এদের সংখ্যা ৪০ হাজার থেকে দেড় লাখ হতে পারে। তারা স্বাস্থ্যসেবা নিতে দেশের মূল চিকিৎসাকেন্দ্রগুলোতে আসতেই পারছে না। রয়টার্স।