জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বলেছেন, যৌন সহিংসতা গণহত্যা সংঘটনের একটি উপাদান। এ পর্যবেক্ষণ অনুসারে, ফৌজদারি অপরাধ হিসেবে ধর্ষণ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা এক নয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গত বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় দেন। রায়ে সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ মীমাংসায় ট্রাইব্যুনাল এ পর্যবেক্ষণ দেন। এ বিষয়ে রুয়ান্ডা ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টির মধ্যে চারটি ছিল ধর্ষণের অভিযোগ। এর মধ্যে দুটি (১৪ ও ১৬) প্রমাণিত হয়েছে, দুটি প্রমাণ (১৭ ও ২০) হয়নি। ১৪ নম্বর অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধের শেষ দিকে সাঈদীসহ কয়েকজন রাজাকার পিরোজপুরের হোগলাবুনিয়া গ্রামের এক হিন্দু নারীকে ধর্ষণ করেন এবং বাড়িতে আগুন দেন। ট্রাইব্যুনাল বলেন, এ অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষে বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর স্বামীর (২৩তম সাক্ষী) সাক্ষ্য খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। ২৩তম সাক্ষীর সাক্ষ্য অনুসারে, সাঈদীসহ অন্য রাজাকাররা যখন তাঁর বাড়িতে হামলা চালায়, তখন তিনি বাড়ি ছিলেন না। বাড়ি ফিরলে স্ত্রী তাঁকে ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। কে ধর্ষণ করেছে—জানতে চাইলে স্ত্রী বলেন, নাম বলতে পারবেন না, যে তাঁকে (২৩তম সাক্ষী) ধর্মান্তরিত করেছিল সে।এ প্রসঙ্গে রুয়ান্ডায় গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত জ্যঁ-পল আকায়েসুর বিরুদ্ধে মামলা উদ্ধৃত করে ট্রাইব্যুনাল বলেন, ওই মামলায় রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিআর) প্রথমবারের মতো আন্তর্জাতিক আইনে ধর্ষণকে সংজ্ঞায়িত করেছেন। ঐতিহাসিকভাবে বিভিন্ন দেশের বিচারব্যবস্থায় ধর্ষণকে ‘জোরপূর্বক যৌনসঙ্গম’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু বিশেষ দমননীতি বাস্তবায়নের জন্য চালানো যৌন সহিংসতা ও ধর্ষণ একই রকম অপরাধ নয়। এ ধরনের সহিংসতায় শারীরিক সম্পর্কের প্রয়োজন নেই। উদাহরণ হিসেবে বলা যায়, জনসমক্ষে কোনো শিক্ষার্থীকে পোশাক খুলতে বাধ্য করা বা নগ্ন অবস্থায় জিমন্যাস্টিকস দেখাতে বাধ্য করাও যৌন সহিংসতা।প্রসঙ্গত, আকায়েসুর মামলায় রুয়ান্ডা ট্রাইব্যুনাল আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধর্ষণ আগ্রাসনের বিশেষ ধরন। কাউকে ভয় দেখাতে বা আত্মমর্যাদা নষ্ট করতে, বৈষম্য সৃষ্টি করতে বা শাস্তি দিতে, নিয়ন্ত্রণ বা নির্মূল করতে ধর্ষণ করা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনালের এ রায়ে মুক্তিযুদ্ধকালে ধর্ষণকে গণহত্যার সমতুল্য গণ্য করা হয়েছে। মুক্তিযুদ্ধকালে এ দেশে নারী নির্যাতন ও ধর্ষণের যেসব ঘটনা ঘটেছে, তা পাকিস্তানিদের ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণ ও গণহত্যার অংশ।’আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২)(সি) ধারায় গণহত্যার (জেনোসাইড) সংজ্ঞা অনুসারে, কোনো জাতি, উপজাতি, ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার জন্য গোষ্ঠীর সদস্যদের হত্যা অথবা শারীরিক বা মানসিকভাবে ব্যাপক ক্ষতিসাধন করলে, জন্মনিরোধ করলে বা শিশুদের অন্য গোষ্ঠীভুক্ত করলে গণহত্যা হিসেবে বিবেচিত হবে।সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ প্রমাণিত হলেও অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় ট্রাইব্যুনাল এগুলোতে আলাদা করে তাঁকে দণ্ড দেননি।মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধকালে বাঙালি নারীরা ব্যাপক হারে নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন। রাজাকার ও দালালদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা বাঙালি নারীদের ক্যাম্পে ও সেনানিবাসে আটকে রেখে ‘যৌনদাসী’ হিসেবে ব্যবহার করত। গবেষক সুসান ব্রাউনমিলার এ নিয়ে বিস্তৃত গবেষণা করে বলেছেন, একাত্তরে বাংলাদেশে চার লাখের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছিলেন।ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধর্ষণের দুটি অভিযোগের বিচার করেছেন। এর মধ্যে গত ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুকে মৃত্যুদণ্ড দেন। আযাদের বিরুদ্ধে পঞ্চম অভিযোগ (দুই নারীকে ধর্ষণ) প্রমাণিত হলেও অন্য অভিযোগে মৃত্যুদণ্ড হওয়ায় এ জন্য আলাদা শাস্তি দেওয়া হয়নি। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগ ছিল, এক পরিবারের পাঁচ সদস্যকে হত্যা ও এক মেয়েকে ধর্ষণে সহযোগিতা। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।