যৌন হয়রানির দায়ে সরাইলে বখাটের চার মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আমজাদ খাঁন (২৫) নামে এক বখাটেকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. হেলাল উদ্দিন সরাইল থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের আয়েত আলী খাঁনের ছেলে আমজাদ খাঁন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে স্কুলছাত্রীর পরিবার থেকে কয়েক দিন আগে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়। আজ ইউএনও আমজাদকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার মাসের কারাদণ্ড দেন। ইউএনও মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমজাদকে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, আমজাদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা রয়েছে।