যৌন হয়রানির ভয়: আগ্রায় ব্রিটিশ নারীর হোটেল থেকে লাফ (ভিডিও)
ভারতের আগ্রায় যৌন হয়রানির ভয়ে এক ব্রিটিশ নারী পর্যটক হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আগ্রার পুলিশ সুপার পবন কুমার জানান, ভোর চারটার দিকে দুই ব্যক্তি দোতলায় ওই নারীর কক্ষে ঢোকার চেষ্টা করেন। এ সময় তিনি আতঙ্কিত হয়ে দৌড়ে ঘরের অন্য প্রান্তে চলে যান। একপর্যায়ে জানালা থেকে নিচে লাফ দেন। হাসপাতালে ওই নারী পর্যটকের সঙ্গে থাকা একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এর আগে হোটেলের ব্যবস্থাপক ওই নারীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু ওই ব্রিটিশ নারী প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ঘটনার রাতে হোটেলের ব্যবস্থাপক আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের আরেকটি চাবি দিয়ে ওই নারীর কক্ষের দরজা খোলার চেষ্টা করেন। এ সময় ওই নারী পর্যটক আতঙ্কে জানালা দিয়ে লাফ দেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের একজন কর্মচারী দাবি করেন, ওই নারী পর্যটকের ভোরে ট্রেন ধরার কথা ছিল। হোটেলের ব্যবস্থাপক ভোরবেলা তাঁকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়েছিলেন।
আগ্রা পুলিশের আরেকজন কর্মকর্তা সুপার সরণজিত্ বলেন, হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই নারী আতঙ্কিত। তিনি ভারত ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। তিনি নিজ দেশে ফিরে যেতে চান।গত শুক্রবার রাতে সুইজারল্যান্ডের এক নারী পর্যটক ভারতের মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার হন। এ ছাড়া গত ডিসেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। পরে তিনি হাসপাতালে মারা যান।