যৌন হয়রানি প্রতিরোধে কঠোর আইন বিবেচনাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যৌন হয়রানি প্রতিরোধে সার্বিক একটি আইন তৈরি সময় সাপেক্ষ ব্যাপার। প্রতিমন্ত্রী ‘ইভ টিজিং’ না বলে ‘যৌন হয়রানি’ বলা উচিত বলেও মন্তব্য করেন।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এ কথা জানান।প্রতিমন্ত্রী নারী নির্যাতন প্রতিরোধে শক্তিশালী আইনি কাঠামো থাকা জরুরি উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রয়োজনীয় আইন আছে। কিন্তু শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনের আওতায় বিচার পাওয়ার জন্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন থাকাও জরুরি। যাতে সেই নারী আইনের আশ্রয় নিতে পারেন।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলা অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে ‘জেন্ডার ও জেন্ডার সংবেদন প্রতিবেদন প্রণয়ন’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে। ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি শামীম আহমেদ।অনুষ্ঠানে জেন্ডার সমতা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, ‘নারী এ রকম, পুরুষ ওই রকম, এ ধরনের চিন্তাভাবনা ভেঙে ফেলতে হবে। নারী-পুরুষের বৈষম্যের জায়গাগুলো চিহ্নিত করতে হবে। পাঠ্যপুস্তক, গণমাধ্যম এবং বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের নীতিমালায় পরিবর্তন আনতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন মূলধারার সংবাদপত্রগুলোতেও নারীর যৌনতাকে ইঙ্গিত করে কীভাবে সংবাদ উপস্থাপন করা হচ্ছে, তিনি তার উদাহরণ তুলে ধরেন। কাবেরী গায়েন বলেন, গণমাধ্যমগুলোর মধ্যে শুধু প্রথম আলোর আলাদা একটি নীতিমালা আছে। তিনি সার্বিকভাবে গণমাধ্যমের জন্য জেন্ডার সংবেদনশীল একটি নীতিমালা তৈরি, গণমাধ্যমের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং পত্রিকার শুধু নারী পাতা নয়, পুরো প্যাকেজই যাতে নারীবান্ধব হয়, সে দিকে নজর দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।