যৌন হয়রানি: শিক্ষক লাঞ্ছিত, এক ব্যক্তির সাজা
ফেনী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিক্ষিকাদের যৌন হয়রানি করা এবং এক শিক্ষককে (ইনস্ট্রাক্টর) লাঞ্ছিত করার দায়ে মো. মানিক নামের এক ব্যক্তিকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জহিরুল ইসলাম পিটিআইয়ের তত্ত্বাবধায়কের কক্ষে আদালত বসিয়ে এই রায় প্রদান করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে পিটিআইয়ের প্রশিক্ষক মো. মোস্তফা মহিলা হোস্টেলের পাশে ময়লা-আবর্জনা পরিষ্কার ও বাগানপরিচর্যার কাজ তদারকি করতে যান। এ সময় ইনস্টিটিউটের মেরামতকাজে নিয়োজিত ঠিকাদারের কর্মচারী মো. মানিক হোস্টেলের দেয়ালে রঙের মধ্যে ফোটা-ফোটা কাদামাটি কেন লেগেছে, তা জানতে চেয়ে প্রশিক্ষক মোস্তফাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন।একপর্যায়ে মানিক প্রশিক্ষকের গলা চেপে ধরে এবং দা দিয়ে কোপাতে উদ্যত হন। এ সময় প্রশিক্ষণার্থীরা এসে তাঁকে উদ্ধার করে ও মানিককে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন ও ফেনী সদর ইউএনও মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।প্রশিক্ষণার্থী শিক্ষকেরা অভিযোগ করেন, ঠিকাদারের কর্মচারী মানিক কাজ তদারকি করার সুযোগে প্রতিনিয়ত নারী প্রশিক্ষণার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করেন। প্রশিক্ষণার্থীরা বিষয়টি জেলা প্রশাসকের কাছেও লিখিতভাবে অভিযোগ করেন।তা ছাড়া নারী প্রশিক্ষণার্থীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পিটিআইয়ের তত্ত্বাবধায়ক মো. রাইহুল করিম তাঁকে একাধিকবার সতর্ক করেছিলেন বলে কর্মকর্তাদের অবহিত করেন।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর ইউএনও ফেনী পিটিআইয়ের তত্ত্বাবধায়কের কক্ষে তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. মানিককে ওই সাজা প্রদান করেন। পরে মানিককে ফেনী থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।