যৌন হয়রানি: শিবচরে এক যুবকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন উত্ত্যক্ত করার অপরাধে আবদুল জলিল মিয়া (৩০) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই সাজা প্রদান করেন।শিবচর থানা সূত্রে জানা গেছে, উপজেলার সন্ন্যাসিরচর ইউনিয়নের রাজারচর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে একই এলাকার আবদুল জলিল প্রায় দুই বছর ধরে স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জলিল ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে জুতা দিয়ে মারধর করে জলিল। এ ঘটনায় আজ সকালে ওই ছাত্রীর মা আকিমন নেছা শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সহকারী উপপরিদর্শক আসাদ জলিলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। পরে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম আজ বিকেলে বাদী-বিবাদীর সাক্ষ্য গ্রহণ শেষে জলিলকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।