যৌন হয়রানি: সাতক্ষীরায় এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার বিকেলে সাতক্ষীরা সদর থানায় ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস এ সাজা দেন।সাতক্ষীরা সদরের ইটাগাছা মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ জানান, সদর উপজেলার গয়েশপুর গ্রামের আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে শফিকুল প্রায়ই আপত্তিকর প্রস্তাব দিত। আজ সকাল ১০টার দিকে মাদ্রাসায় আসার পথে ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ছাত্রীকে শফিকুল আপত্তিকর প্রস্তাব দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে শফিকুল ওই ছাত্রীকে লক্ষ্য করে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ছুড়ে মারে। এ সময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার ছাত্রীরা শফিকুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।সাতক্ষীরা সদর থানার তদন্ত পরিদর্শক রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর অভিযোগের সত্যতা পেয়ে ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস আজ বিকেলে তাকে এই সাজা প্রদান করেন। উল্লেখ্য, শফিকুল ইসলাম সাতক্ষীরা শহরের ইটাগাছার নজরুল ইসলামের ছেলে।