যৌন হয়রানি: সুজানগরে এক যুবকের তিন মাসের কারাদণ্ড
পাবনার সুজানগরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এহসানুল হক মিলন (১৬) নামের এক কলেজছাত্রকে তিন মাস বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নূরুল ইসলাম এ সাজা প্রদান করেন।জানা গেছে, উপজেলার দুলাই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের এক ছাত্রীকে মিলন বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা গতকাল বিকেলে থানায় অভিযোগ করলে রাত ১১টার দিকে মিলনকে আটক করে পুলিশ। পরে আজ সকাল ১০টার দিকে মিলনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম নূরুল ইসলাম ঘটনার শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শেষে মিলনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুর ১২টার দিকেই মিলনকে জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, মিলনের বাড়ি উপজেলার দুলাই গ্রামে। সে পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।