যৌন হয়রানি: সোনাইমুড়ীতে এক ব্যক্তির কারাদণ্ড
নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌন হয়রানির অভিযোগে মো. সেলিম (৩৬) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার দুপুরে সোনাইমুড়ী থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, আজ সকাল আটটার দিকে উপজেলার নাওতোলা গ্রামের এক কিশোরী তাঁর নানার বাড়ি শিমুলিয়া যাচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী সোনাইমুড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. সেলিম ওই কিশোরীর হাত ধরে টানাটানি করে উত্ত্যক্ত করতে থাকেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই কিশোরী নুরুল ইসলামের হাত থেকে ছুটে বাড়ি ফিরে এসে তার মাকে ঘটনা জানায়।ওই কিশোরীর মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা নুরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আজ দুপুর ১২টার দিকে থানায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নূরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।ইউএনও হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, নুরুল ইসলাম আদালতে তাঁর দোষ স্বীকার করেছেন। আজই তাঁকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।