যৌন হয়রানিকে জামিন অযোগ্য অপরাধ ঘোষণা হচ্ছে মহারাষ্ট্রে
যৌন হয়রানি বা শ্লীলতাহানি করলে আর জামিন পাওয়া যাবে না। এসব অপরাধকে জামিন অযোগ্য করে আইন করতে চলেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। ওই রাজ্যের সরকার ইতিমধ্যে এ-সংক্রান্ত আইন সংশোধনে পদক্ষেপ নিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল এ খবর নিশ্চিত করে বলেছেন, নারীদের ওপর নিপীড়ন বন্ধ করতে গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মুম্বাই হাইকোর্টের সাবেক বিচারপতি সি এস ধর্মাধিকারী, অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) উমেশচন্দ্র সারেঙ্গিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী পাতিল আইনটি সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রস্তাবের খসড়াটি খুব শিগগিরই প্রস্তুত করে তার ওপর মতামত নেওয়ার জন্য রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হবে।’ ওই কর্মকর্তা আরও জানান, মন্ত্রিসভায় পাস হলে সংশোধনীর খসড়াটি অনুমোদনের জন্য বিধানসভায় পাঠানো হবে। এরপর আইনটির ব্যাপারে চূড়ান্ত মতামতের জন্য কেন্দ্রে পাঠানো হবে।বৈঠকের পর পুলিশ কর্মকর্তা শীলা সাইল বলেন, ‘যৌন হয়রানি মোকাবিলায় কঠোর আইন পাসের পাশাপাশি এ ব্যাপারে সবার মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।’ অপর নারী পুলিশ কর্মকর্তা রেশমি করান্দিকার বলেন, অধিকাংশ ক্ষেত্রেই নারী সাহায্যের জন্য পুলিশের কাছে যেতে দ্বিধাগ্রস্ত থাকেন। তাই তাঁদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। এ ক্ষেত্রে অগ্রগতি ঘটলেই নারীদের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতন কমে আসবে। তিনি আরও বলেন, নারীদের, বিশেষ করে কিশোরী হয়রানির ঘটনাগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত। প্রসঙ্গত, সম্প্রতি ট্রেনে চলাচলকারী নারীদের আবেদনে মুম্বাই উচ্চ আদালতের প্রধান বিচারক মোহিত শাহ ও বিচারক রঞ্জনা দেশাইয়ের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) আইপিপির ৩৫৪ ধারাটি সংশোধন করে মহিলাদের যৌন হয়রানি ও নির্যাতনকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার জন্য রাজ্য সরকারকে আহ্বান জানান। টাইমস অব ইন্ডিয়া।