যৌন হয়রানির অভিযোগে কলেজছাত্রের কারাদণ্ড
অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাহজাহান ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন ওই রায় দেন।শাহজাহান ইসলাম কিশোরগঞ্জ বি এম আই কলেজ থেকে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।অভিযোগে জানা যায়, ওই উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর চৌধুরীপাড়া গ্রামের শাহজাহান ইসলাম একই গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শাহজাহানের অভিভাবককে এ ব্যাপারে অভিযোগ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল ২৬ মার্চ সকালে উপজেলা মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় শাহজাহান ওই ছাত্রীকে একা পেয়ে কুপ্রস্তাব দেন। এর প্রতিবাদ করলে তিনি মেয়েটিকে চড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকালে মেয়েটির পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পুলিশসহ এলাকায় যান। সেখানে উপস্থিত লোকজন ও মেয়েটির সাক্ষ্য নেওয়া হয়। এ সময় শাহজাহান নিজের দোষ স্বীকার করেন। পরে আদালতের রায় ঘোষণা শেষে শাহজাহানকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।