যৌন হয়রানির অভিযোগে নোয়াখালীতে বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে নোয়াখালীতে মো. মিরাজ (২০) নামের এক বখাটেকে আজ রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামান তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরাজের বাড়ি উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ছালেপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে স্থানীয় জনতা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে মিরাজ উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবেও একাধিক সালিস-বৈঠক হয়। কিন্তু এর পরও মিরাজ ওই ছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে থাকে। গতকাল ছাত্রীর অভিভাবকেরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ বিকেলে মিরাজকে আটক করে। এরপর সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণ ও মিরাজের স্বীকারোক্তির ভিত্তিতে ওই জেল-জরিমানার আদেশ দেন। ইউএনও মোস্তফা জামান যৌন হয়রানির দায়ে মিরাজকে জেল-জরিমানার আদেশ দেওয়ার কথা নিশ্চিত করেছেন।