যৌন হয়রানির অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফ এ আদেশ দিয়ে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, উপজেলার শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক অভিযোগ করেন তাঁর মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রতিদিন বিদ্যালয়ে আসার পথে স্থানীয় শীতলপুর গ্রামের বখাটে যুবক মো. সোহেল (২২) উত্ত্যক্ত করে। এতে মেয়েটির লেখাপড়া বন্ধ হতে চলেছে।এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাত্ক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাটি অবহিত করেন। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সোহেলকে আটক করেন এবং তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠান।