চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৬৭তম সভায় ওই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। একই বিভাগের এক ছাত্রীর এ সংক্রান্ত অভিযোগ গতকাল ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে পৌঁছায়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত হওয়া শিক্ষক হচ্ছেন নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। গত বছরে ২১ অক্টোবর তাঁর বিরুদ্ধে একই বিভাগের স্নাতকোত্তর শেষবর্ষের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ আনেন। ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দফা তদন্ত করা হয়। উভয় তদন্তেই অভিযোগ প্রমাণিত হয়।প্রথম তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে কর্তৃপক্ষ চলতি বছরের ৭ এপ্রিল মামুনকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। পরে আবার অধিকতর তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। ওই কমিটির প্রতিবেদনেও যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই গতকাল সিন্ডিকেটের সভায় তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। যোগাযোগ করা হলে শিক্ষক মামুন তাঁর বিরুদ্ধে আনা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ বা সিন্ডিকেটের সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়েজ উল্লাহকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন নিয়োগের সময় আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। তদন্ত কমিটি এই অভিযোগের সত্যতা পায়। এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষকসহ দুজনকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিযোগ: আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ওই ছাত্রী লিখিত অভিযোগে বলেন, গত ৮ জুলাই হিসাববিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক তাঁকে তাঁর কার্যালয়ে ডেকে কুরুচিপূর্ণ কথা বলেন। একপর্যায়ে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং তাঁর সঙ্গে গাজীপুর যেতে বলেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক ক্ষমতার দাপট দেখান। বিষয়টি কাউকে না জানাতে তিনি হুমকিও দেন। ওই ছাত্রী উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরের কাছে একই ধরনের চিঠি দেন। ওই শিক্ষক সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাকে সবার সামনে অপদস্থ করতেই এ ধরনের নোংরা কথা ছড়ানো হচ্ছে।’ উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। শিগগিরই বিষয়টি তদন্তে কমিটি করা হবে। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’