যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষককে বিভাগের সব ধরনের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিভাগের সহযোগী অধ্যাপক আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। ওই বিভাগের প্রথম সেমিস্টারের এক ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শনিবার বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিভাগের চেয়ারম্যান বরাবর ওই ছাত্রী লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে নয়টায় ওই ছাত্রী ও তাঁর এক বান্ধবী বিভাগের শিক্ষক আরিফ বিল্লাহর সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে আরিফ বিল্লাহ ছাত্রীটিকে জড়িয়ে ধরেন। এ ঘটনায় ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েন। অভিযোগে তিনি ওই শিক্ষকের এমন আচরণের প্রতিকার ও বিচার প্রার্থনা করছেন। ঘটনার পরের দিন মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন।ছাত্রীর ওই অভিযোগের ভিত্তিতে আজ সকাল ১০টায় বিভাগে একাডেমিক কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠক শুরু হওয়ার পর বিভাগের বিভিন্ন বর্ষের ৯৪ জন শিক্ষার্থীও সেখানে বৈঠকে উপস্থিত হন। এ সময় তাঁরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনেন। এ ছাড়া অভিযোগকারী ছাত্রীর সেই বান্ধবী সভায় সাক্ষ্য দেন।বৈঠক শেষে বিভাগের চেয়ারম্যান মুহসিন উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ছাত্রীর অভিযোগ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে বিভাগের ক্লাস, পরীক্ষাসহ বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।মুহসীন উদ্দিন বলেন, ‘অতীতেও ওই শিক্ষকের বিরুদ্ধে এ রকম আরও অনেক মৌখিক অভিযোগ পেয়েছি। কিন্তু লিখিত আবেদন না পাওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।’